প্রাক্তন স্ত্রীকেই বিয়ে করছেন শালীন? ছবি: সংগৃহীত।
বেশ কয়েক বছর আগে ঘটে গিয়েছিল বিচ্ছেদ। সেই বিচ্ছেদের খবর উঠে এসেছিল শিরোনামেও। ‘বিগ বস্’-এ গিয়ে বিচ্ছেদ নিয়ে একাধিক বার কথাও বলেছিলেন শালীন ভনোট। এ বার সেই প্রাক্তন স্ত্রীকেই ফের বিয়ে করতে চলেছেন হিন্দি ছোটপর্দার অভিনেতা? ছড়িয়েছে এমন খবরই। এ নিয়ে মুখ খুললেন শালীন নিজেই।
ছবিশিকারিদের সঙ্গে এমনিতে সুসম্পর্ক শালীনের। কিন্তু বর্তমানে ছবিশিকারিদের নিয়ে ক্ষুব্ধ তিনি। পারস ছাবড়ার পডকাস্টে শালীন অভিযোগ করেন যে, তাঁর কয়েকটি ভিডিয়ো ও রিল ভুল ভাবে ব্যাখ্যা করা হয়েছে। বিশেষত প্রাক্তন স্ত্রী দলজিৎ কৌরকে ফের বিয়ে করা নিয়েও মুখ খোলেন তিনি। শালীনের বক্তব্য, এই খবর সম্পূর্ণ ভুয়ো। কোনও সত্যতা ছাড়াই নাকি ছড়িয়ে দেওয়া হয়েছে এই খবর।
এক ছবিশিকারির অ্যাকাউন্ট থেকে খবর ছড়ানো হয়, শালীন তাঁর প্রাক্তন স্ত্রী দলজিত কৌরকে আবার বিয়ে করতে চলেছেন। অভিনেতা ক্ষুব্ধ হয়ে ওঠেন। গুজব উড়িয়ে দিয়ে তিনি ওই অ্যাকাউন্টের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেন। শালীন বলেন, “এটি সম্পূর্ণ মিথ্যা এবং বানানো খবর। কারও ব্যক্তিগত জীবন নিয়ে এমন মিথ্যা তথ্য ছড়ানোর আগে তথ্য যাচাই করা আপনাদের দায়িত্ব। শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য এমন খবর ছড়ানো উচিত নয়। অবিলম্বে এই পোস্ট মুছে ফেলুন এবং ভুল তথ্য ছড়ানোর জন্য ক্ষমা চান। এটিকে সতর্কবার্তা হিসাবে নিন। তা না হলে আমি আপনাদের এবং আপনাদের সংস্থার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব।”
শালীনের কথায়, “সংবাদমাধ্যমের মতে, আমি নাকি বার বার বিয়ে করে চলেছি। এক মাস আগে কেউ লিখেছিলেন, আমি আবার বিয়ে করছি। মজার বিষয় হল, আমি নিজে ইনস্টাগ্রামে সেই খবর অস্বীকার করে পোস্ট করেছিলাম। কিন্তু আমার বক্তব্যে কারও আগ্রহ ছিল না, মিথ্যা খবরটাই ভাইরাল হয়ে গিয়েছিল।”
উল্লেখ্য, শালীন ২০০৯ সালে তাঁর ‘কুলবধূ’ ধারাবাহিকের সহ-অভিনেত্রী দলজিৎ কৌরকে বিয়ে করেন। ২০১৪ সালে তাঁদের পুত্রসন্তান জন্মায়। তবে ২০১৫ সালে তাঁদের বিচ্ছেদ হয়। সেই সময়ে দলজিৎ একাধিক গুরুতর অভিযোগ তুলেছিলেন শালীনের বিরুদ্ধে।