শিল্পা শেট্টীর নতুন রেস্তরাঁর খরচ কত? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
মুম্বই শহরের অন্যতম বিলাসবহুল রেস্তরাঁ ‘বাস্টিয়ান’। শিল্পা শেট্টীর এই রেস্তরাঁয় তারকাদের যাতায়াত লেগেই থাকে। এ বার মুম্বইয়ের সমুদ্রসৈকতে ‘বিচ ক্লাব’ খুলল ‘বাস্টিয়ান’। বিরাট জায়গা জুড়ে তৈরি হয়েছে এই ‘বিচ ক্লাব’।
রঞ্জিত বিন্দ্রা ও শিল্পা শেট্টীর যৌথ মালিকানা রয়েছে ‘বাস্টিয়ান’-এ। নতুন এই ‘বিচ ক্লাব’-এ রয়েছে খাওয়াদাওয়া থেকে শুরু করে সারা দিন ও রাত সময় কাটানোর ব্যবস্থা। বালুকাবেলায় নানা রংবেরঙের টেবিল-চেয়ারে সাজানো হয়েছে। নারকেলগাছের সারি দেওয়া এই ক্লাবে সুইমিং পুলও রয়েছে।
দিনে ও রাতে ভিন্ন আবহ পাওয়া যাবে এই ক্লাবে। দুপুরে সূর্যের আলোয় উপভোগ করা যাবে সমুদ্রতট। আর রাতে আলোয় সাজবে ক্লাবটি। খাবারেও রয়েছে বিশেষ চমক। এশিয়ান খাবার থেকে লাতিন খাবার — সব রকম পদই রয়েছে এই ‘বিচ ক্লাব’-এর মেনুতে। ‘ভেজ ড্রাই কর্ন উইথ গ্রিন অ্যাপল’ নামে একটি পদ নাকি এখানকার বিশেষ আকর্ষণ। ব্রকোলি, কারি পাতা ও লঙ্কা দিয়েও তৈরি হবে একটি পদ। শিল্পার ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘সিফুড’প্রেমীদের জন্যও রয়েছে বিশেষ আকর্ষণ।
এশিয়ান খাবারের মধ্যে সুশি, বাও, ডাম্পলিং রয়েছে শিল্পার এই নতুন ‘বিচ ক্লাব’-এ। নারকেলের দুধ দিয়ে তৈরি নানা রকমের খাবার রয়েছে মেনুতে। মাংসেও রসনা তৃপ্তি করতে পারবেন খাদ্যপ্রেমীরা। শোনা যাচ্ছে, সারা দিন এই ক্লাবে কাটাতে একজনের খরচ হবে ৫ হাজার টাকা।