কঠিন সময় যাচ্ছে দীপিকা-শোয়েবের! ছবি: সংগৃহীত।
বহু দিন ধরে দীপিকা কক্কড় এবং তাঁর স্বামী শোয়েব ইব্রাহিম জীবনে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। এক দিকে দীপিকা যকৃতের ক্যানসারের সঙ্গে লড়ছেন। অন্য দিকে শোয়েবের বাবা সম্প্রতি মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নিজের নতুন ভ্লগে দীপিকা ও তাঁর বাবার শারীরিক অবস্থা নিয়ে মুখ খুললেন শোয়েব।
শুক্রবার হয় দীপিকার প্রথম ‘ইমিউনোথেরাপি সেশন’। এ বিষয়ে শোয়েব বলেন, “দীপিকার ইমিউনোথেরাপি শুরু হয়েছে। এতে ৩-৪ ঘণ্টা সময় লাগবে। এর পর আমি কোকিলাবেন হাসপাতালে বাবার সঙ্গে দেখা করতে যাব। আমরা আশা করছি, ইমিউনোথেরাপি দীপিকাকে ইতিবাচক ফল দেবে।"
দীপিকার আবার অস্ত্রোপচার হতে চলেছে, এমন একটি গুঞ্জন ছড়িয়েছিল। কিন্তু এই খবর ঠিক নয় বলে জানান শোয়েব। তিনি বলেন, “অনেকেই জানতে চাইছেন দীপিকার আবার অস্ত্রোপচার হবে কি না। এই মুহূর্তে চিকিৎসকেরা এমন কিছু বলেননি। আপাতত কোনও অস্ত্রোপচার হচ্ছে না।”
কয়েক দিন আগেই দীপিকা জানিয়েছিলেন, চিকিৎসকেরা তাঁর শরীরে নতুন দু’টি টিউমর পেয়েছেন। দীপিকা এর আগে ক্যানসারের দুটি জটিল চিকিৎসা পদ্ধতির মধ্যে দিয়ে গিয়েছেন। ২০২৫ সালে তাঁর বড় অস্ত্রোপচার হয়েছিল। এখনও নানা অসুখ নিয়ে লড়ছেন তিনি।
অন্য দিকে মে মাসের শেষ সপ্তাহে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে শোয়েবের বাবা হাসপাতালে ভর্তি হন। তাঁর বর্তমান অবস্থা সম্পর্কে শোয়েব বলেন, “বাবা এখন অনেকটা ভাল আছেন। প্রতিদিন তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। কথা বলার ক্ষমতা এবং শরীরের ডান দিক ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে। ১০ দিন পর তিনি আবার কথা বলতে শুরু করেছেন। এখন হাসতেও পারছেন। তাঁর স্পিচ থেরাপি শুরু হবে। কারণ, বড় বাক্য বলতে গেলে এখনও কথা জড়িয়ে যাচ্ছে।”