সঙ্গীতশিল্পী জোজো মুখোপাধ্যায় কেমন আছেন? ছবি: সংগৃহীত।
একের পর এক সমস্যা। সদ্য হাসপাতাল থেকে ছেলেকে নিয়ে বাড়ি ফিরেছেন সঙ্গীতশিল্পী জোজো মুখোপাধ্যায়। এ বার অসুস্থ হয়ে নিজেই ভর্তি হাসপাতালে। হয়েছে অস্ত্রোপচার। বহু দিন আগের সমস্যা। তা নিয়েই ভুগছিলেন গায়িকা। অস্ত্রোপচার করাতে বাধ্য হলেন।
গায়িকা জানিয়েছেন, অনেক দিন আগে শুটিংয়ে পড়ে গিয়ে চোট পেয়েছিলেন। সেই সমস্যাই আরও বেড়েছে। সঙ্গীতশিল্পী বলেন, “হিপ জয়েন্টে র্যাপচার হয়। যার ফলে অনেক দিন ধরেই যন্ত্রণায় ভুগছিলাম। তা নিয়েই শুটিং করেছি সারেগামাপা-র। এমনকি, শো করতে গিয়ে চোটের উপরে চোট লেগেছিল। ব্যথা কমার ওষুধ, ইঞ্জেকশন নিয়ে চালিয়েছি। লাঠি নিয়ে শুটিংও করেছিলাম। তাই শেষমেষ অস্ত্রোপচার করাতেই হল। যাই হোক, এখন আমি অনেকটাই সুস্থ আছি। হাসপাতালেই রয়েছি আপাতত।”
সোমবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। কয়েক দিন হাসপাতালেই থাকবেন। সম্ভবত শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পাবেন গায়িকা। তিনি যোগ করেন, “তবে এখন চিন্তার কোনও কারণ নেই। আর আর এক দিকে নিশ্চিন্ত যে এই সময় কাজের চাপও কম থাকে। বাইরে শো-এর চাপ থাকে না। অনুষ্ঠান কম হয়। তাই বিশ্রাম নিতে পারব।” এখনই হাঁটার অনুমতি নেই। আপাতত পুরোপুরি বিশ্রামেই থাকতে হবে গায়িকাকে। আপাতত বাড়ি ফেরার অপেক্ষায় জোজো।