Valentine's Week 2026

প্রেম দিবসে একাকী? একাকিত্ব নয়, ওটিটি-তে কয়েকটি ছবি দেখে উপভোগ করা যেতে পারে একলাযাপন

এমন প্রেমের উদ্‌যাপনের দিনে তাঁরা কি কেবলই একাকী? একাকিত্ব নয়, একলাযাপন উপভোগ করার জন্য দেখতেই পারেন ওটিটি-তে কয়েকটি ছবি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২৩
Share:

প্রেমের দিনে একাকীরা কী করবেন? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

প্রেম দিবসে যুগলদের আনন্দের শেষ নেই। রেস্তরাঁ, ডেটিং স্পট থেকে শুরু করে প্রেক্ষাগৃহ বা ডিস্কো থেক, তাঁদেরই রাজত্ব এই দিন। তা হলে এই দিন কি একাকীদের কিছুই করার নেই? কেউ বহু বছরের প্রেমে আঘাত খেয়ে একাকী, কেউ আবার স্বেচ্ছায় একাকী। কিন্তু এমন প্রেমের উদ্‌যাপনের দিনে তাঁরা কি কেবলই একাকী? একাকিত্ব নয়, একলাযাপন উদ্‌যাপন করার জন্য দেখতেই পারেন ওটিটি-তে কয়েকটি ছবি।

Advertisement

১) কুইন: কঙ্গনা রনৌতের এই ছবি প্রেম দিবসে একাকীদের জন্য আদর্শ। বিয়ের মুখেই পাত্র হঠাৎ বেঁকে বসে। বিয়ে করতে নারাজ হয় সে। মনখারাপ হলেও ভেঙে পড়েনি নায়িকা। একাই চলে গিয়েছিল মধুচন্দ্রিমায়। বিদেশে একা বেড়াতে গিয়ে নতুন ভাবে নিজেকে আবিষ্কার করে সে। নিজের মধ্যেই যে শক্তি বা ক্ষমতা লুকিয়ে ছিল, তা সে ধীরে ধীরে চিনতে পারে। সব শেষে বুঝতে পারে, বিয়েটা না হয়ে আসলে ভালই হয়েছে। প্রাইম ভিডিয়োয় দেখা যাবে এই ছবি।

২) ইট প্রে লভ: একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবি। ছবির গল্পকার এলি়জ়াবেথ গিলবার্টের বাস্তব জীবনে নিজেকে অন্বেষণের সফর উঠে আসে ছবিতে। জটিল বিবাহবিচ্ছেদের পরে তিনি ইটালি, ভারত এবং ইন্দোনেশিয়ায় ভ্রমণ করেন। সেখান থেকেই নিজেকে আবিষ্কার করেন তিনি। ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছিলেন জুলিয়া রবার্টস। ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত এই রম-কম প্রাইম ভিডিয়‌োতে রয়েছে।

Advertisement

৩) পিকু: বাবা-মা যেমনই হন, সন্তানেরা তাঁদের কখনওই এড়িয়ে যেতে পারেন না। জাগতিক প্রেমের থেকেও বড় কিছু সম্পর্ক মানুষের জীবনে আসে। এই ছবিটি সেটাই মনে করিয়ে দেয়। তবে এই ছবি এক ব্যতিক্রমী প্রেমের বার্তাও দেয়। সেই প্রেমে উত্তেজনা বা হঠকারিতা নেই, আবেগে ভেসে যাওয়া নেই। সেই প্রেমে শান্তি আছে ও ধৈর্য আছে। তাই প্রেম দিবসে কেন একাকী, তা চিন্তা না করে ধৈর্য ধরাই কাম্য— শেখাবে দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন ও ইরফান খান অভিনীত এই ছবি। প্রাইম ভিডিয়োয় ‘রেন্ট’ করে দেখা যাবে এই ছবি।

৪) ছিছোরে: জীবনে নানা দুঃসময় আসে। কিন্তু সঙ্গে যদি বন্ধুরা থাকে, সব ঝড় পার করা যায়। কলেজের পরীক্ষা হোক বা জীবনের পরীক্ষা, চার পাশে যদি বন্ধুরা শক্ত করে হাত ধরে থাকে, সব যুদ্ধই জয় করা যায়। এই ছবিও এমনই বার্তা দেয়। তাই প্রেম দিবসে বন্ধুদের সঙ্গে নিয়ে এই ছবি দেখতেই পারেন। জিয়ো সিনেমা-তে দেখা যাবে সুশান্ত সিংহ রাজপুতের এই ছবি।

৫) দ্য ফার্স্ট ওয়াইভ্‌স ক্লাব: তিন বন্ধুর দেখা তাদেরই এক সহপাঠীর স্মরণসভায়। স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্কের জন্য সেই বন্ধু আত্মঘাতী হয়। স্মরণসভায় উপস্থিত তিন বন্ধুও প্রায় একই পরিস্থিতির মুখোমুখি। মধ্যবয়সি ওই তিন মহিলাও তাদের স্বামীদের কাছে প্রতারিত। কী ভাবে তারা জীবনে এগিয়ে যায় ও প্রতিশোধ নেয়, তা নিয়েই তৈরি এই ছবি। নেটফ্লিক্সে দেখতে পারেন এই ছবি।

৬) করীব করীব সিঙ্গল: ডেটিং অ্যাপের মাধ্যমে দুই মানুষের দেখা। স্বভাবের দিক থেকে তারা দুই মেরুর। প্রথমে রাজি না হলেও পরে মহিলা চরিত্রটি রাজি হয় একসঙ্গে বেড়াতে যেতে। একসঙ্গে বেড়াতে গেলেও নির্দিষ্ট দূরত্ব বজায় রাখে তারা। ক্রমশ কি তাদের রসায়ন ঘনীভূত হয়? পার্বতী থিরুবোতু ও ইরফান খান অভিনীত এই ছবি একাকীদের আশার আলো দেখায়। ছবিটি দেখা যাবে নেটফ্লিক্সে।

৭) ডিয়ার জ়িন্দেগি: ভুল মানুষের সঙ্গে থেকে যাওয়ার চেয়ে একাকী থাকাই ভাল। সঠিক মানুষ খুঁজে পাওয়ার আগে একাধিক বার ব্যর্থতা আসতেই পারে। তবে ভুল মানুষের জন্য ভেঙে পড়া যাবে না। এই ছবি এমনই বার্তা দেয়। আলিয়া ভট্ট ও শাহরুখ খান অভিনীত এই ছবি দেখা যায় নেটফ্লিক্সে।

উপরে উল্লিখিত ছবিগুলি ছাড়াও প্রেম দিবসে মজতে পারেন অ্যাকশন ছবিতে। ‘বিঞ্জ ওয়াচ’-এর তালিকায় রাখতে পারেন সুপারহিরোর সিনেমাও। অথবা রহস্য-রোমাঞ্চ ঘরানার ছবিও দেখতে পারেন এই প্রেম দিবসে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement