পলাশকে নিয়ে মুখ খুললেন স্মৃতির মা। ছবি: সংগৃহীত।
মহিলাদের আইপিএলে জয়ী ‘রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’র। মেয়েদের প্রিমিয়ার লিগ শুরু করেছিল বেঙ্গালুরু, শেষটাও তারাই করল ট্রফি জিতে। গত বছর আইপিএল জিতেছিল বিরাট কোহলির দল। এ বার স্মৃতি মন্ধানার অধিনায়কত্বে জয় পেল বেঙ্গালুরু। এই আবহে পলাশ মুচ্ছলকে টেনে ক্রিকেটতারকার মা করলেন কোন রসিকতা?
স্মৃতির মা স্মিতা মন্ধানা সমাজামাধ্যমে একটি পোস্ট করেছেন সম্প্রতি। সেখানেই দেখা যাচ্ছে স্মৃতির ছবির নীচে পলাশের একগুচ্ছ মুখ। তাতে লেখা, “প্রতিপক্ষ ‘দিল্লি ক্যাপিটালস’কে স্মৃতি যে ভাবে দেখেছেন।” অর্থাৎ প্রতিপক্ষ দলের মধ্যে যেন প্রাক্তনের ছায়া দেখেছেন স্মৃতি এবং তাদের হারিয়ে ‘মনের খেদ’ মিটিয়েছেন। নিমেষে ভাইরাল হয় সেই পোস্ট। নেটাগরিকদের একাংশ বাহবা দিয়েছেন স্মৃতির মাকে। কারও কারও নজরে স্মিতা ‘রকস্টার’-এর জায়গা নিয়েছেন। স্মৃতির মা যে পোস্ট করেন, তার ক্যাপশনে লেখা ছিল ‘কুকিং পলাশ’। তবে উল্লেখ্য, মেয়ের প্রাক্তন বাগ্দত্তাকে নিয়ে পোস্ট করেও পরে তা মুছে দেন ক্রিকেটতারকার মা।
স্মৃতি ও পলাশের সম্পর্ক নিয়ে কিছুদিন আগেই বিস্তর জলঘোলা হয়েছিল। বিয়ের সমস্ত প্রস্তুতি সারা হয়ে গিয়েছিল। কিন্তু, শেষ মুহূর্তে বাতিল হয়ে বিয়ে। গত নভেম্বর থেকে আলোচনায় স্মৃতির ব্যক্তিগত জীবন। তবে কোনও জল্পনা নিয়ে মুখ খোলেননি ক্রিকেটতারকা। শুধু স্পষ্ট জানিয়েছিলেন, বিয়ে বাতিল হয়েছে। নিজের সমাজমাধ্যমে বিবৃতি দিয়েছিলেন পলাশও।