(বাঁ দিকে) সোনালী বেন্দ্রে, (ডান দিকে) গোল্ডী বহল। ছবি: সংগৃহীত।
গুরুতর অভিযোগ উঠল সোনালী বেন্দ্রের বিরুদ্ধে। অভিযোগ করেছেন পুণের এক কৃষক। ওই কৃষকের বিঘা বিঘা জমি নাকি আত্মসাৎ করেছে নায়িকা ও তাঁর স্বামী। ওই কৃষকের দাবি, যে জমির উপর তাঁর বংশগত অধিকার, সেটাই নাকি দখল করে বসে আছেন সোনালীর স্বামী গোল্ডী বহল। তারকাদম্পতির বিরুদ্ধে জালিয়াতির মামলা করেছেন ওই কৃষক।
পুণের মাভাল অঞ্চলের স্থানীয় কৃষক চন্দ্রকান্ত শিন্দের ১.২ বিঘা জমি নিয়ে ঝামেলার সূত্রপাত। ওই কৃষকের দাবি, সোনালী ও তাঁর স্বামী সম্প্রতি যে জমিটি কিনেছেন সেটি ১৯৫৭ সাল থেকে নাকি ওই কৃষকের পারিবারিক সম্পত্তি। ওই কৃষক অভিযোগ করেন, ওই জমিতে নাকি বেআইনি ভাবে নির্মাণকাজ চালানোর চেষ্টা করেছিলেন সোনালী ও তাঁর স্বামী। তারকাদম্পতি নাকি প্রভাব খাটিয়ে কৃষকের পরিবারকেও হুমকি দিয়েছেন। সংশ্লিষ্ট মামলায় সোনালী ও গোল্ডী ছাড়াও আরও দু’জন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে বলে খবর।
এই মামলায় নাম জড়ানোর পরে সোনালী অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। শুধু তা-ই নয়, সোনালীর আইনজীবী জানান, কোনও সরকারি কাগজে ওই কৃষকের নামই নেই। অভিনেত্রীর আইনজীবীর দাবি, তারকাদম্পতির থেকে টাকা আত্মসাৎ করার উদ্দেশ্য নিয়েই এমন অভিযোগ করা হয়েছে।