Chirodini Tumi Je Amar

এক বছর কাটতে না কাটতেই নতুন জল্পনা! শেষ হচ্ছে ‘চিরদিনই তুমি যে আমার’? কী উত্তর শিরিনের?

২০২৫-এর মার্চ মাসে সম্প্রচার শুরু হয় এই ধারাবাহিকের। হিসাব বলছে চলতি বছরের মার্চে এক বছর পূর্ণ হয়েছে এই কাহিনির। এর মধ্যেই কি এমন সিদ্ধান্ত নেওয়া হবে?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মে ২০২৬ ১৭:২৩
Share:

সত্যি কি বন্ধ হচ্ছে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক? ছবি: সংগৃহীত।

ইদানীং বেশিরভাগ ধারাবাহিকেরই মেয়াদ হয় আট মাস থেকে এক বছর। আচমকা ধারাবাহিক বন্ধের খবর নতুন কিছু নয় দর্শকের কাছে। এই মুহূর্তে টেলিপাড়ায় নতুন আলোচনা, শীঘ্রই নাকি শেষ হচ্ছে ‘চিরদিনই তুমি যে আমার’।

Advertisement

এমন খবর যদিও নতুন নয়। মাঝে আরও একটি কাহিনি শেষ হওয়ার কথা শোনা গিয়েছিল। যদিও তা পুরোটাই রটনা বলে উড়িয়ে দেওয়া হয়েছিল। তা হলে ‘চিরদিনই তুমি যে আমার’ শেষ হওয়ার জল্পনাও কি নিছক রটনা? নাকি এমনটাই হতে চলেছে? এ প্রসঙ্গে আনন্দবাজার ডট কম-এর তরফে যোগাযোগ করা হয় নায়িকা শিরিন পালের সঙ্গে।

তিনি স্পষ্ট বলেছেন, “আমাকে ‘কলটাইম’ দেওয়া হয়। আমি শুটিংয়ে আসি। কাজ করি, বাড়ি চলে যাই। এর বাইরে আমার কাছে আর কোনও তথ্য নেই। তাই এই বিষয়ে আমার সত্যি কোনও ধারণা নেই। কী হবে? কী হচ্ছে? এই বিষয়ে কোনও উত্তরই আমার পক্ষে দেওয়া সম্ভব নয়।”

Advertisement

২০২৫-এর মার্চ মাসে সম্প্রচার শুরু হয় এই ধারাবাহিকের। হিসাব বলছে চলতি বছরের মার্চে এক বছর পূর্ণ হয়েছে এই কাহিনির। এই ১২ মাসে অনেক রকম ঝড় বয়ে গিয়েছে। নায়ক-নায়িকার দ্বন্দ্ব নিয়ে বিপুল আলোচনাও হয়েছিল। তার পরেই নতুন নায়িকার আগমন হয়। এই পরিবর্তনের পরেও যে, টিআরপি-তে প্রথম পাঁচে দেখা গিয়েছে এই ধারাবাহিকের নাম, তা নয়। ফলে টিআরপি-র ওঠাপড়া কি রয়েছে ধারাবাহিক বন্ধ হওয়ার জল্পনার নেপথ্যে? উঠছে প্রশ্ন।

এই গল্পে নতুন সংযোজন অভিনেত্রী পায়েল দে। প্রথম বার তাঁকে আদ্যোপান্ত নেতিবাচক চরিত্রে দেখা যাচ্ছে। গল্পে নতুন মোড় এসেছে। এর মধ্যেই কি শেষ হয়ে যাবে এই কাহিনি? সেই উত্তর অবশ্য অধরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement