Annapurnar Lokkhira Serial

মার্চে প্রকাশ্যে আসে প্রথম ঝলক, অথচ পিছিয়ে গেল ধারাবাহিক ‘অন্নপূর্ণার লক্ষ্মী’র শুটিং? নেপথ্যে রয়েছে কোন কারণ?

টলিপাড়ার অন্দরের জল্পনা যে, ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’র প্রথম ঝলক সামনে এলেও এখনও শুরু হয়নি শুটিং। অন্দরের ফিসফাস, টাকাপয়সা সংক্রান্ত কোনও সমস্যার কারণেই নাকি শুটিং শুরু করা সম্ভব হয়নি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ০৯:০০
Share:

সত্যিই কি পিছিয়ে গিয়েছে ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’র শুটিং? ছবি: সংগৃহীত।

মার্চ মাসের শেষের দিকে প্রকাশ্যে আসে ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকের প্রথম ঝলক। এরমধ্যেই টলিপাড়ার অন্দরের জল্পনা যে, প্রথম ঝলক সামনে এলেও, এখনও শুরু হয়নি শুটিং। অন্দরের ফিসফাস, টাকাপয়সা সংক্রান্ত কোনও সমস্যার কারণেই নাকি শুটিং শুরু করা সম্ভব হয়নি। সত্যিই কি এমন কোনও ঘটনা ঘটেছে?

Advertisement

বিস্তারিত জানতে যোগাযোগ করা হলে প্রযোজকের তরফে কাউকে পাওয়া যায়নি। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, “হ্যাঁ, আমাদের শুটিং শুরু হয়নি এখনও। কিন্তু কোনও সমস্যার জন্য নয়। অনেক আউটডোর শুটিং রয়েছে। নির্বাচনের কারণে, অনেক জায়গায় শুটিংয়ের অনুমতি পাওয়া যাচ্ছে না। তা ছাড়া রাহুলের (অরুণোদয় বন্দ্যোপাধ্যায়) ঘটনার পরে যে ‘এসওপি’ (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর) তৈরি হওয়ার কথা, সেটাও এখনও হাতে এসে পৌঁছোয়নি। তাই এখনও শুটিং শুরু হয়নি। তবে এই মাসের শেষে ডেট দেওয়া হয়েছে। সম্ভবত তার মধ্যেই শুরু হয়ে যাবে ধারাবাহিকের শুটিং।”

প্রসঙ্গত, একেবারে অন্য স্বাদের গল্পে দেখা যাবে অভিনেত্রীকে। দেখা যাবে একাকী মায়ের কাহিনি। তাকে কেন্দ্র করেই গড়ে উঠবে গল্প। বহু বছরের অভিনয়জীবন সোমার। মূলত পার্শ্বচরিত্রেই তাঁকে দেখতে অভ্যস্ত দর্শক। এ ছাড়াও খলনায়িকা হিসাবে বেশ প্রতিপত্তি বিস্তার করেছিলেন অভিনেত্রী। সোমার অভিনীত ‘হীরাম্মা’ চরিত্রটি নিয়ে এখনও আলোচনা হয়। কিছু দিন আগে ‘ফুলকি’ ধারাবাহিকেও নেতিবাচক চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। অভিনেত্রী জানিয়েছেন, তিনি এখন শুধুই ‘অন্নপূর্ণা’ চরিত্রের মধ্যে ডুবে রয়েছেন। তাই আর কিছু নিয়েই ভাবতে চান না। এ ছাড়া তাঁকে এখন দেখা যাচ্ছে ‘বৃন্দাবন বিলাসিনী’ ধারাবাহিকেও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement