Rahul Arunoday Banerjee death

‘এই তো সেই দিন বলল, আমাদের নায়ক-নায়িকা হওয়া হল না’! রাহুলের মৃত্যুর খবরে স্তম্ভিত শ্রাবন্তী

কিছু দিন আগেই রাহুলের সঙ্গে ‘ঠাকুমার ঝুলি’ ওয়েব সিরিজ়ে দেখা গিয়েছে তাঁকে। ভেবেছিলেন একসঙ্গে ‘সাকসেস পার্টি’ করবেন। আনন্দবাজার ডট কমের থেকে প্রথম খবর পেতেই ভেঙে পড়েন শ্রাবন্তী।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ২০:১৩
Share:

রাহুলের মৃত্যুতে স্তম্ভিত শ্রাবন্তী। ছবি: সংগৃহীত।

শোকাচ্ছন্ন টলিপাড়া। প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। টলিপাড়ার শিল্পীরা এখনও এই খবর বিশ্বাসই করতে পারছেন না। তাঁদের মধ্যে একজন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কিছু দিন আগেই রাহুলের সঙ্গে ‘ঠাকুমার ঝুলি’ ওয়েব সিরিজ়ে দেখা গিয়েছে তাঁকে। ভেবেছিলেন একসঙ্গে ‘সাকসেস পার্টি’ করবেন। আনন্দবাজার ডট কমের থেকে প্রথম খবর পেতেই ভেঙে পড়েন শ্রাবন্তী।

Advertisement

শুনেই শ্রাবন্তীর প্রথম প্রশ্ন, “হে ঈশ্বর! এ কী করে হল? আমার সঙ্গে তো এই দু’তিন দিন আগেই কথা হল।” সেই দিন নাকি শ্রাবন্তীকে মজা করে রাহুল বলেছিলেন, “ভেবেছিলাম, আমরা নায়ক-নায়িকা হব। কিন্তু তুই আমার ঠাকুমা হলি।” তাই রাহুলের মৃত্যুর খবরে স্তম্ভিত নায়িকা। তাঁর কথায়, “আমাদের রসায়ন খুব পছন্দ হয়েছিল। আমি সেই দিনও ওকে বললাম, ‘চলো আবার আমরা কাজ করি। এ বার আমরা নায়ক নায়িকা হব।’ এমনও হতে পারে ভাবতে পারছি না। কী নিয়তি মানুষের! এত প্রতিভাবান মানুষ। তার চেয়েও বড় কথা, মানুষ হিসাবেও খুব ভাল।”

বাংলা চলচ্চিত্র জগতের বড় ক্ষতি হয়ে গেল। এমনই মনে করছেন শ্রাবন্তী। দুঃখের সঙ্গে তিনি বলেন, “আমরা সাকসেস পার্টি করার পরিকল্পনা করছিলাম। সব শেষ হয়ে গেল। কেমন অদ্ভূত লাগছে বলে বোঝাতে পারব না। আমাদের আসন্ন ছবি ‘এরাও মানুষ’-এর মতো মনে হচ্ছে। আজকের দিনটা দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে।”

Advertisement

রাহুলের সঙ্গে বহু বছর আগে প্রথম আলাপ শ্রাবন্তী। অভিনেত্রী অতীত মনে করে বলেন, “অন্তত দশ বছর আগে ওর সঙ্গে প্রথম আলাপ। রাহুলদার মধ্যে কোনও পরিবর্তন দেখিনি। সাধারণ ও ভাল মনের মানুষ। ভগবান কেন যে ভাল মানুষদের আগে নিয়ে নেয়, বুঝি না। অভিনয় ছাড়াও কত দিকে ওর গুণ ছিল। নিজেই বলেছিলাম, ‘তোমার পডকাস্টে আমি যেতে চাই।’ কী সুন্দর কথা বলেন! সত্যিই বড় ক্ষতি হয়ে গেল। এর কোনও পূরণ হবে না।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement