Bollywood News

বিতর্কিত সংলাপ, আঘাত লেগেছে ইলাইয়ারাজার সম্মানে? কী পদক্ষেপ করলেন ‘করুপ্পু’ ছবির নির্মাতারা?

মঙ্গলবার ১৯ মে, সমাজমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে প্রযোজনা সংস্থা স্পষ্ট জানায়, বর্ষীয়ান সুরকারকে অসম্মান করার কোনও উদ্দেশ্য তাদের ছিল না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ১৪:৫৭
Share:

ইলাইয়ারাজার সম্মানে আঘাত! কী পদক্ষেপ ‘করুপ্পু’ ছবির নির্মাতাদের? ছবি: সংগৃহীত।

সুরকার ইলাইয়ারাজাকে কেন্দ্র করে আবার শুরু আলোচনা। ‘করুপ্পু’-র প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে যে, ছবির একটি সংলাপে সুরকারের অনুভূতিতে আঘাত লেগেছে বলে অভিযোগ। সেই অংশ ছবির ভবিষ্যতের সংস্করণ থেকে বাদ দেওয়া হবে বা পরিবর্তন করা হবে, জানিয়েছে প্রযোজনা সংস্থা।

Advertisement

মঙ্গলবার ১৯ মে, সমাজমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে প্রযোজনা সংস্থা স্পষ্ট জানায়, বর্ষীয়ান সুরকারকে অসম্মান করার কোনও উদ্দেশ্য তাদের ছিল না। বিবৃতিতে বলা হয়, “আমরা বুঝতে পেরেছি যে ‘করুপ্পু’ ছবির একটি বিশেষ সংলাপ তাঁকে (ইলাইয়ারাজা) কষ্ট দিয়েছে। এর ফলে তাঁর মনে যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে, তার জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত।”

প্রযোজনা সংস্থার দাবি, সংশ্লিষ্ট সংলাপটি একটি ব্যঙ্গাত্মক দৃশ্যের অংশ হিসাবে লেখা হয়েছিল এবং ব্যক্তিগত ভাবে ইলাইয়ারাজাকে লক্ষ্য করে তৈরি করা হয়নি। বিবৃতিতে আরও বলা হয়, “তাঁকে, তাঁর অবদানকে বা তাঁর অধিকারের প্রতি কোনও ভাবেই অসম্মান করার উদ্দেশ্য ছিল না। সংলাপটি বৃহত্তর ব্যঙ্গাত্মক প্রেক্ষাপটের অংশ ছিল, ব্যক্তিগত মন্তব্য নয়।”

Advertisement

সুরকারের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে ভবিষ্যতে ছবির যে কোনও সংস্করণে ওই সংলাপ পরিবর্তন বা বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। একই সঙ্গে ভারতীয় সিনেমা ও সঙ্গীতে ইলাইয়ারাজার অবদানকে শ্রদ্ধা জানিয়ে তাঁকে প্রজন্মের পর প্রজন্মের শিল্পী ও দর্শকের অনুপ্রেরণা বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement