Shankar Ghoshal

পুত্র, নাতির হাতে নিয়মিত নিগৃহীত! 'ওরা মারধর করছে', অভিযোগ অভিনেতা শঙ্কর ঘোষালের

মানিকতলা থানায় অভিযোগ দায়ের করতে চেয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা। অভিযোগ, পুলিশ নাকি সহযোগিতা করেনি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ২০:৫৬
Share:

অভিনেতা শঙ্কর ঘোষাল। —ফাইল চিত্র।

তিনি নাকি ছেলে-বৌমার মন জুগিয়ে চলতে পারছেন না! এই 'দোষে'ই নাকি নিত্য অত্যাচারিত হতে হচ্ছে বর্ষীয়ান অভিনেতা শঙ্কর ঘোষালকে। দোলের সন্ধ্যায় আনন্দবাজার ডট কম-এর কাছে ভেঙে পড়লেন অভিনেতা। বললেন, "নাতি আমার মাথায় ঘুষি মেরেছে। ছেলে আমার লাঠি আছড়ে বেঁকিয়ে দিয়েছে। ৭৫ বছর বয়স আমার। আমি ওদের সঙ্গে পারি?"

Advertisement

পারিবারিক অত্যাচারে বিধ্বস্ত শঙ্কর ঘোষাল। —ফাইল চিত্র।

অভিনেতার বাড়ি উত্তর কলকাতার গৌরীবাড়ি অঞ্চলে। তাঁর কথায়, "এই মারধর-অত্যাচার এক দিনের নয়। দিন কয়েক আগে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল ওরা। পা কেটে রক্তারক্তি কাণ্ড।" ঠিকমতো খেতেও পান না, জানিয়েছেন তিনি। তার উপরে পার্কিনসন্স রোগী। ফলে, শঙ্করবাবু দীর্ঘ দিন অভিনয় থেকে দূরে। জমানো টাকা খরচ করতে করতে শেষ। অভিনেত্রী বোন রত্না ঘোষাল মাসে সাড়ে তিন হাজার টাকা মাসোহারা দেন। তাতেই কোনও মতে চলে অভিনেতা আর তাঁর স্ত্রী ভারতী ঘোষালের। যদিও ভারতী দেবী নিজের ছেলের পক্ষে। তিনি স্বামীকেই দুষছেন। ওঁর বক্তব্য, "সকলের সহানুভূতি কুড়োতে আমার স্বামী মিথ্যা বলছেন।"

সবিস্তার জানতে রত্না দেবীর সঙ্গেও একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। তাঁর ফোন বেজে গিয়েছে।

Advertisement

শঙ্করবাবুর অভিযোগ এখানেই শেষ নয়। ছেলে নাকি তাঁকে বাড়ি থেকে তাড়িয়েও দিতে চান। বাড়ির মালিক বর্ষীয়ান অভিনেতা নিজে। তাই সেটা সম্ভব হচ্ছে না। তিনি আরও জানিয়েছেন, দোলের দিন বাধ্য হয়ে মানিকতলা থানায় ফোন করেন তিনি। নিজেকে বাঁচাতে ছেলের নামে লিখিত অভিযোগ দায়ের করতে চান। পুলিশ নাকি কোনও রকম সহযোগিতা করেনি! এ প্রসঙ্গে মানিকতলা থানার অফিসার দেবাশিস দত্ত বলেন, "বিষয়টি দেখা হচ্ছে।"

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement