Death News Of Tamal Roy Chowdury

প্রয়াত ঋতুপর্ণের ‘গুরু’ তমাল রায়চৌধুরী, মঞ্চ-পর্দার সফল অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ টলিউড

খবর, আশির উপরে বয়স হয়েছিল বর্ষীয়ান অভিনেতার। অসুস্থতার কারণে দীর্ঘ দিন অভিনয় থেকে দূরে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ০৯:৪২
Share:

মঞ্চ-পর্দার সফল অভিনেতা তমাল রায়চৌধুরী প্রয়াত। ছবি: সংগৃহীত।

প্রয়াত মঞ্চ-পর্দার সফল অভিনেতা, নাট্য নির্দেশক তমাল রায়চৌধুরী। বয়স হয়েছিল আশির উপরে। আর্টিস্ট ফোরাম থেকে জানানো হয়েছে, সোমবার ভোর সাড়ে ৩টে থেকে ৪টের মধ্যে ঘুমের মধ্যেই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। খবর, হৃদ্‌রোগজনিত সমস্যা ছিল তাঁর। পেসমেকার বসানো হয়েছিল। অসুস্থতা এবং বয়সজনিত কারণে দীর্ঘ দিন অভিনয় থেকে দূরে ছিলেন তিনি।

Advertisement

আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে দিগন্ত বাগচী জানিয়েছেন, সোমবার বিকেল চারটের সময় বর্ষীয়ান অভিনেতার মরদেহ আনা হবে টেকনিশিয়ান স্টুডিয়োয়। সেখানে তাঁকে শ্রদ্ধা জানানো যাবে। এর পরে কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে।

আনন্দবাজার ডট কম-কে অভিনেতা এবং আর্টিস্ট ফোরামের অন্যতম সম্পাদক দেবদূত ঘোষ জানিয়েছেন, গৃহপরিচারিকা এসে ডাকাডাকি করে সাড়া না পেয়ে সঙ্গে সঙ্গে চিকিৎসককে খবর দেন। তিনি এসে জানান, ঘুমের মধ্যেই মারা গিয়েছেন বর্ষীয়ান অভিনেতা। রেখে গিয়েছেন পুত্র, কন্যা এবং পুত্রবধূকে। দেবদূতের আক্ষেপ, “রাজার মতো বড় মনের মানুষ ছিলেন তমালদা। রাজার মতোই চলে গেলেন। এ রকম অভিনেতা টলিউড আর পাবে না।” তিনি আরও জানান, বর্ষীয়ান অভিনেতা আর্টিস্ট ফোরামের কার্যকরী কমিটির অন্যতম সদস্য ছিলেন।

Advertisement

তমাল রায়চৌধুরীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়ও। তিনি বলেছেন, “তমালদার হাত দিয়ে বহু অভিনেতা-পরিচালকের জন্ম হয়েছে। আমি যত দূর জানি, পরিচালক ঋতুপর্ণ ঘোষের ‘মেন্টর’ বা গুরু ছিলেন উনি। অভিনয়ের পাশাপাশি সাহিত্য নিয়ে প্রচুর পড়াশোনা করেছেন। রবীন্দ্র-সাহিত্য সম্পর্কে ওঁর মতো জ্ঞান খুব কম জনের আছে। ওঁর ছায়ায় তৈরি বলেই ঋতুপর্ণ ঘোষ অত ভাল লিখতে পারতেন বলে শুনেছি। ওঁরা একই পাড়ায় থাকতেন। সব ধরনের সাহিত্যের উপরে দখল ছিল তাঁর।” অভিনেতা আরও জানিয়েছেন, তমালবাবুর নিজস্ব নাট্যদল ‘ক্যালকাটা পারফর্মার্স’-এ হাতেখড়ি তাঁরও। “একদম মাটির মানুষ ছিলেন। প্রচণ্ড রসিক। যে কোনও চরিত্রে অনায়াস তাঁর অভিব্যক্তি। কাজ করেছেন বাংলা ছবির প্রথম সারির সব পরিচালকের সঙ্গে। তাঁর ‘শিষ্য’ ঋতুপর্ণের ছবিতে যেমন অভিনয় করেছেন তমালদা, তেমনি তাঁকে দেখা গিয়েছে অঞ্জন দত্ত, অতনু ঘোষ, কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে।” প্রয়াত অভিনেতার ঝুলিতে থেকে গেল ‘নোবেল চোর’, ‘বড়া দিন’, ‘চাঁদের পাহাড়’, ‘জাতিস্মর’, ‘দ্য নেমসেক’-এর মতো অসংখ্য জনপ্রিয় ছবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement