Vishal Dadlani

‘নেতামন্ত্রীদের প্রভাব খাটিয়ে গানে সুযোগ চাইছে’, রেগে আগুন বিশাল! কোন শিক্ষা দিলেন তিনি?

নিজেদের প্রভাব খাটিয়ে যাঁরা কাজ করতে চান, তাঁদের প্রতি কোনও সম্মান নেই বিশালের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০৬
Share:

কেন রেগে গেলেন বিশাল? ছবি: সংগৃহীত।

বলিউডের সঙ্গীতজগতে এ বার বিস্ফোরক আর এক শিল্পী। এ বার বিশাল দদলানী। স্পষ্ট জানিয়ে দিলেন, কোনও নেতামন্ত্রীর নাম নিয়ে গানে সুযোগ চাইলে, তিনি ঠিক কী করবেন?

Advertisement

সোমবার সন্ধ্যায় কড়া ভাষায় নিজের বক্তব্য প্রকাশ করেন বিশাল। তিনি লেখেন, “নতুন সঙ্গীতশিল্পীদের জন্য একটা পরামর্শ রয়েছে। কোনও মন্ত্রী বা তাঁর সহযোগীকে দিয়ে ভুলেও আমাকে ফোন করাবে না।” এমন করলে তাঁর গানে সুযোগ পাওয়া তো দূর, তাঁর সঙ্গে দেখা করারও কোনও দিন সুযোগ পাবেন না সেই শিল্পী, নিশ্চিত করে দিয়েছেন বিশাল। নিজেদের প্রভাব খাটিয়ে যাঁরা কাজ করতে চান, তাঁদের প্রতি কোনও সম্মান নেই বিশালের। স্পষ্ট ভাষায় লেখেন, “যারা নিজের প্রভাবশালী পরিচিতদের ব্যবহার করে এগিয়ে যেতে চায়, তাদের প্রতি আমার বিন্দুমাত্র সম্মান নেই।”

তবে কোন মন্ত্রী তাঁকে ফোন করেছিলেন, তা প্রকাশ্যে আনেননি বিশাল। কোন সঙ্গীতশিল্পীই বা এই চেষ্টা করেছেন, তা-ও জানাননি গায়ক। তিনি লেখেন, “যে এই কাজটা করার চেষ্টা করেছে তাকে বলছি, মন্ত্রীজিকে আমি ‘ব্লক’ করে দিয়েছি। ওই সঙ্গীতশিল্পীকেও ‘ব্লক’ করে দিয়েছি। এ বার বিষয়টা কী দাঁড়াল? তুমি ভাল গান গাইলেও তোমাকে নিয়ে আমার আর কোনও আগ্রহই রইল না।”

Advertisement

বিশালের বক্তব্য, নিজের প্রতিভার উপর ভরসা রাখতে হয়। তাঁর কথায়, “কঠোর পরিশ্রম করতে হয় আর ধৈর্য রাখতে হয়। তুমি ভাল হলে, নিশ্চয়ই সঠিক সময়ে কাজের সুযোগ পাবে।” প্রভাব খাটিয়ে যারা কর্মজগতে এগিয়ে যেতে চায়, তাদের আসলে নিজের গুণের উপর ভরসা নেই, স্পষ্ট মত বিশালের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement