প্রথম সপ্তাহেই ‘ঘূর্ণি’ ধারাবাহিকের ছক্কা। ছবি: সংগৃহীত।
টিআরপি-র লেখচিত্র যেন ক্রমাগত নিম্নমুখী। আইপিএল এবং নির্বাচনের ঝড় যে দিন থেকে শুরু হয়েছে, তত কমেছে নম্বর। এই সপ্তাহেও সেই একই চিত্র। একধাক্কায় প্রায় সব ধারাবাহিকের নম্বর কমেছে। এই বারে প্রথম স্থানে থাকা ধারাবাহিক পেয়েছে ৪.৯। বাকিরা কে কোথায়?
বেশ কয়েক সপ্তাহ ধরে স্টার জলসায় তিন-চারটে ধারাবাহিকের কাহিনি মিলিয়ে মিশিয়ে দেখানো হচ্ছে। মানে কখনও পরশুরাম-তটিনীর কাহিনিতে এসে পড়ছে বিদ্যা। আবার বিদ্যার গল্পে দেখা যাচ্ছে গঙ্গাকে। এই ভাবেই এগোচ্ছে সব কাহিনি। তবে এর মাঝেও নিজের পুরনো স্থানে ফিরে এসেছে ‘পরশুরাম আজকের নায়ক’। তারা পেয়েছে ৪.৯। দ্বিতীয় স্থানে রয়েছে ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিক। সম্প্রচারের শুরুর দিকে এই কাহিনিও যে খুব বেশি নম্বর পেয়েছিল, তা নয়। তবে ধীরে ধীরে এই কাহিনিও প্রতিযোগিতায় নিজেদের জায়গা তৈরি করে নিয়েছে। তাদের প্রাপ্ত নম্বর ৪.৮।
বরং নম্বর কমে গিয়েছে ‘পরিণীতা’র। একসময়ে টানা প্রথমে থাকা কাহিনি এই সপ্তাহে রয়েছে তৃতীয় স্থানে। পেয়েছে ৪.৭। ৪.৩ পেয়ে চতুর্থ স্থানে রয়েছে ‘জোয়ার ভাঁটা’। নতুন ধারাবাহিক হিসাবে প্রথম সপ্তাহেই ছক্কা হাঁকিয়েছে ‘ঘূর্ণি’। শুরুতেই প্রথম পাঁচে নিজেদের জায়গা করে নিয়েছে তারা। ৪.২ পেয়ে রয়েছে পঞ্চম স্থানে এই ধারাবাহিক। একই নম্বর পেয়ে পঞ্চমে রয়েছে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ ধারাবাহিকও।