কী কারণে বিচ্ছেদের পথে মৌনী ও সূরজ। ছবি: সংগৃহীত।
বলিউডের অন্দরে সম্পর্কের সমীকরণ যে কী ভাবে বদলে যায়, তার আন্দাজ পাওয়া শক্ত। ঠিক যেমন হল অভিনেত্রী মৌনী রায় ও তাঁর স্বামী সূরজ নাম্বিয়ারের সম্পর্কের ক্ষেত্রে। লকডাউনের মাঝে প্রেম। তার এক বছরের মাথায় দুবাইয়ের ব্যবসায়ী সূরজের সঙ্গে বিয়ে। এ বার সেই বিয়েই নাকি ভাঙতে চলেছে। কী কারণে বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন মৌনী?
২০২২ সালে গোয়ায় বাঙালি ও মলয়ালি, দুই রীতি মেনেই বিয়ে হয় তাঁদের। বাইরে থেকে তাঁদের সুখী দম্পতি বলেই মনে করতেন অনেকে। কিন্তু হঠাৎ যেন ছন্দপতন। একটা সময়ে স্বামীর সঙ্গে ছবিতে ভরিয়ে দিতেন সমাজমাধ্যম। এখন সেই সূরজকেই সমাজমাধ্যমের পাতা থেকে সরিয়ে দিয়েছেন মৌনী! সোমবার রাতেই জানা যায়, একে অপরকে আর অনুসরণ করছেন না তাঁরা। এখন খবর, সমাজমাধ্যম থেকে নিজের গোটা পাতাই মুছে ফেলেছেন সূরজ।
শোনা যাচ্ছে, নতুন বছরের শুরু থেকেই সম্পর্কে চিড় ধরতে শুরু করেছিল তাঁদের। অন্দরের খবর, মৌনীর স্বামী নাকি প্রতারণা করছেন। অন্য নারীর সঙ্গে নাকি বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন সূরজ। তাঁর বিরুদ্ধে মৌনীর টাকাপয়সা নয়ছয় করারও অভিযোগ রয়েছে। এরই মাঝে সমাজমাধ্যম থেকে নিজেকে সরিয়েছেন সূরজ। তারকাদম্পতির সম্পর্ক নিয়ে যখন ঝড় বিভিন্ন মহলে, সেই সময়ে মৌনীর কাছের বান্ধবীও নিজের পাতা থেকে সরিয়ে দেন সূরজকে। যদিও এককালে মৌনীর স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল দিশার। এই আবহে অবশ্য মুখে কুলুপ এঁটেছেন তারকাদম্পতি। অনুরাগীরা অবশ্য আশা করছেন, দ্রুত তাঁদের বৈবাহিক কলহ মিটে যাবে।