চলছে নাটক। — নিজস্ব চিত্র
আদিবাসী ভাষার নাটকের প্রতিযোগিতা শুরু হল জেলায়। জেলার মানবাজার এবং বান্দোয়ান জোনে অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের উদ্যোগে আয়োজিত ২১তম এই নাটক প্রতিযোগিতা শুরু হয়েছে সোমবার। চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।
উদ্যোক্তারা জানিয়েছেন, শুধু সাঁওতালি নয়, আদিবাসীদের অন্য ভাষাগুলির নাটকও থাকছে এই প্রতিযোগিতায়। যোগ দিয়েছে ১১৯টি নাটকের দল। তার মধ্যে মানবাজার জোনে ৫৬টি এবং বান্দোয়ান জোনে ৬৩টি দল যোগ দিয়েছে।
অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের দাবি, মানবাজারের ৮টি ব্লকের নাটকের দল প্রতিযোগিতায় যোগ দিয়েছে। তার মধ্যে রয়েছে মানবাজার ১ ব্লক থেকে ৪টি, মানবাজার ২ ব্লক থেকে ২৭টি, পুঞ্চা ব্লক থেকে ৪টি, হুড়া ব্লক থেকে ৩টি, কাশীপুর ব্লক থেকে ৯টি, সাঁতুড়ি ব্লক থেকে ১টি, বলরামপুর ব্লক থেকে ৭টি এবং ঝালদা ২ ব্লক থেকে ১টি দল মানবাজার জোনের প্রতিযোগিতায় যোগ দিতে চলেছে। মানবাজারের কিসান মান্ডিতে এই প্রতিযোগিতা হবে। এ দিন এখানে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ (নারী এবং শিশু কল্যাণ) নিয়তি মাহাতো, স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি কবিতা মাহাতো, যুগ্ম ব্লক উন্নয়ন আধিকারিক শ্রীকুমার ভট্টাচার্য, অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের ইনস্পেক্টর কল্যাণ দেওঘরিয়া প্রমুখ।
উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, বান্দোয়ান জোনে যোগ দিচ্ছেন দু’টি ব্লকের প্রতিযোগীরা। তার মধ্যে রয়েছে বান্দোয়ান ব্লকের ৪৩টি এবং বরাবাজার ব্লকের ২০টি দল। প্রতিযোগিতা হবে বান্দোয়ান ব্লক অফিস সংলগ্ন মাঠে। এই জোনের প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এ দিন উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি সন্ধ্যা সহিস, বান্দোয়ান ব্লক উন্নয়ন আধিকারিক অমলেন্দু সমাদ্দার প্রমুখ।
দফতর সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের প্রথম হওয়া দলগুলি জেলা স্তরের প্রতিযোগিতায় যোগ দেওয়ার সুযোগ পাবে। ১৮ ডিসেম্বর দু’টি জোনের সফল ৮টি দল নিয়ে জেলা স্তরের প্রতিযোগিতা হবে বান্দোয়ান ব্লক অফিস সংলগ্ন মাঠেই। সোমবার বান্দোয়ান জোনের প্রতিযোগিতার উদ্বোধন করে অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের জেলা প্রকল্প আধিকারিক নিখিলেশ মণ্ডল জানান, আদিবাসী ভাষাগুলির প্রচার এবং প্রসারের উদ্দেশ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। নিখিলেশবাবু জানান, রাজ্য স্তরের প্রতিযোগিতাটি হবে বাঁকুড়ায়।