আদিবাসী একাঙ্ক নাটক প্রতিযোগিতার জেলা পর্যায়ের অনুষ্ঠান শেষ হল। বান্দোয়ানের ব্লক মাঠ সংলগ্ন মুক্ত মঞ্চে শুক্রবার প্রতিযোগিতাটি হয়েছে।
চার দিনের এই নাটক প্রতিযোগিতার আয়োজক ছিল অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগ। পুরুলিয়ায় জেলা স্তরের এই প্রতিযোগিতায় দু’টি জোন ছিল।১৪ থেকে ১৭ ডিসেম্বর মানবাজার জোনে ৫৬টি দল এবং বান্দোয়ান জোনে ৬৩টি দল অভিনয় করে। প্রতিদিনের প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারী দলগুলিকে নিয়ে জেলা স্তরের প্রতিযোগিতা হয়।
মানবাজার জোন থেকে জেলা স্তরের প্রতিযোগিতায় যোগ দেয় মড়ে টোলা আদিবাসী সুসার গাঁওতা, ধগড়া শিশু সাগেন গাঁওতা, ডাঙরডি আদিবাসী শিশিরজালি গাঁওতা এবং লাংতিতি গায়ান মাডওয়া ধগড়া। বান্দোয়ান জোন থেকে জেলা স্তরের প্রতিযোগিতায় যোগ দিয়েছিল উদলবনি দেবএ তিঁগুন গাঁওতা, ধবনী বিদু চাঁদান উইহৌর গাঁওতা, জিয়ৌড় ঝর্ণা মার্শাল গাঁওতা এবং গায়ানমালা গায়ান রসিকা মা কপালি।
এই আটটি দলের মধ্যে প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে মানবাজার থানার ধগড়া গ্রামের শিশু সাগেন গাঁওতা। দ্বিতীয় হয়েছে ওই গ্রামেরই লাংতিতি গায়ান মাডওয়া। তৃতীয় স্থান অর্জন করেছে বোরো থানার ডাঙরডি আদিবাসী শিশিরজালি গাঁওতা। জেলা স্তরের প্রতিযোগিতার অন্যতম বিচারক কলেন্দ্রনাথ মান্ডি জানান, অভিনীত নাটকগুলিতে নাবালিকা বিবাহ রোধ এবং বিভিন্ন কুসংস্কার বিরোধী বার্তা ছিল।