3 Habits for Brain

জটিল নয়, সহজ ৩টি কাজেই ব্যস্ত রাখুন নিজেকে, মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে সহায়ক হবে

প্রতি দিনের ছোট ছোট অভ্যাসই মস্তিষ্ককে দীর্ঘ দিন সক্রিয় ও সতেজ রাখতে সাহায্য করে। স্মৃতিশক্তি বাড়ানো এবং মন ভাল রাখার জন্য খুব সরল ও সহজ কাজেও নিজেকে নিযুক্ত করা যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ২০:২৪
Share:

মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াবেন কী ভাবে? ছবি: সংগৃহীত।

মস্তিষ্ককে সচল ও তীক্ষ্ণ রাখতে জটিল, কঠিন কাজে ব্যস্ত থাকেন? কিন্তু একাধিক স্নায়ুবিজ্ঞানী ও মনোরোগ চিকিৎসকের মতে, কেবল দুরূহ, জটিল কাজই মস্তিষ্কের জন্য স্বাস্থ্যকর, এমন ধারণা ভুল। আসলে প্রতি দিনের ছোট ছোট অভ্যাসই মস্তিষ্ককে দীর্ঘ দিন সক্রিয় ও সতেজ রাখতে সাহায্য করে। স্মৃতিশক্তি বাড়ানো এবং মন ভাল রাখার জন্য খুব সরল ও সহজ কাজেও নিজেকে নিযুক্ত করা যায়। এমনকি, এতে কাজের চাপ বা ক্লান্তিও তুলনামূলক ভাবে কম বলে মনে হয়।

Advertisement

এমন ৩টি কাজ কী কী?

১. দিনের মধ্যে কিছুটা সময় ফাঁকা রাখা

Advertisement

সারাটা দিন ব্যস্ততার মধ্যে কাটান?মিটিং,অফিসের কাজ,বাড়ির কাজ, ফোনের মতো নানা দায়িত্ব আপনার ঘাড়ে।কিন্তু চিকিৎসকদের মতে,মস্তিষ্কেরও বিশ্রাম দরকার। এই কারণেই প্রতি দিন নিজের সময়সূচির মধ্যে কিছুটা সময় ফাঁকা রাখা উচিত।এই সময়ে কোনও নির্দিষ্ট কাজ করলে চলবে না।কখনও বাড়ির বাগানে বা ছাদে অথবা বারান্দায় বসে প্রকৃতি দেখুন, কখনও বা শান্ত ভাবে বসে ভাবুন বা কিছু কিছু চিন্তাভাবনা ডায়েরিবন্দি করুন।মোট কথা, কোনও নির্দিষ্ট কাজে নিজেকে ব্যস্ত রাখবেন না সেই সময়টায়। এই ধরনের সময় মস্তিষ্ককে নতুন ভাবে ভাবতে সাহায্য করে। এতে সৃজনশীলতা বাড়ে এবং মানসিক ক্লান্তিও অনেকটা কমে যায়।

দিনের মধ্যে কিছুটা সময় ফাঁকা রাখা। ছবি: সংগৃহীত

২. বাদ্যযন্ত্র শেখা ও অনুশীলন করা

মস্তিষ্ককে সক্রিয় রাখতে হলে তাকে নিয়মিত কাজ দিতে হয়। কিন্তু সে কাজের মধ্যেও জটিলতা থাকবে না। এমন কাজ, যা আনন্দ দেবে। ধরা যাক, ছোটবেলারই কোনও একটি অভ্যাস আবার শুরু করা। গান শেখা বা গান করা অথবা বাদ্যযন্ত্র বা নাচের অনুশীলন শুরু করতে পারেন। এর পাশাপাশি মাঝে মাঝেই ধাঁধা বা পাজ়লের সমাধান করাও খুব উপকারী। এ ধরনের কাজ স্মৃতিশক্তি, মনোযোগ এবং যুক্তিবোধ বাড়াতে সাহায্য করে। মস্তিষ্কের বিভিন্ন অংশকে সক্রিয় রাখতেও সাহায্য করে।

৩. শ্বাস-প্রশ্বাসের সহজ অনুশীলন করা

মানসিক ক্লান্তি বা মনোযোগ কমে গেলে সহজ শ্বাস-প্রশ্বাসের অনুশীলন করতে পারেন। এক বার একটি নাসারন্ধ্র দিয়ে শ্বাস নিন, তার পর অন্যটি দিয়ে ছাড়ুন। এই নিয়মে কয়েক মিনিট শ্বাস-প্রশ্বাসের অনুশীলন করলে শরীর ও মন অনেকটাই শান্ত হয়। গবেষণায় দেখা গিয়েছে, এই ধরনের শ্বাস-প্রশ্বাসের অনুশীলন মানসিক চাপ কমাতে এবং মনোযোগ বাড়াতে সাহায্য করতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement