অফিসের ব্যাগে ৫টি জিনিস রেখেছেন তো? ছবি: সংগৃহীত।
বাইরে চড়া রোদ, অথচ বাড়ি বসে থাকার উপায় নেই। স্কুল-কলেজে গরমের ছুটি পড়লেও অফিসে সে সবের বালাই নেই। ফলে রোজ এই প্রবল দাবদাহে রাস্তায় পা রাখতেই হচ্ছে। এই গরমে কারও হজম করতে অসুবিধা হচ্ছে, কেউ আবার রোদে বেরোলেই অসুস্থ হয়ে পড়ছেন। সেই সঙ্গে ঘামে ভিজে সর্দি-কাশির সমস্যা তো আছেই। কিন্তু এত সমস্যা সত্ত্বেও বাইরে বেরোতেই হচ্ছে। এ সময়ে নিজেকে যত গুছিয়ে রাখবেন, ততই স্বচ্ছন্দে থাকবেন সারাদিন। গুছিয়ে রাখা মানে শুধু সুন্দর করে সাজা নয়, ব্যাগেও প্রয়োজনীয় কিছু জিনিস গুছিয়ে রাখতে হবে।
জানেন কি, ব্যাগে কী কী জিনিস সঙ্গে রাখলে এই প্রখর তাপে নিজেকে সুস্থ রাখা সম্ভব?
১) কলকাতার আবহাওয়ায় গরমে ঘামের কারণে মুখে ক্লান্তির ছাপ পড়ে। কাজল ঘেঁটে গিয়ে অপরিষ্কার ভাব আসে মুখে। তাই ব্যাগে অবশ্যই রাখুন ওয়েট টিস্যু। মুখ মোছা, প্রয়োজনে হাত মোছার কাজেও লাগতে পারে। তা ছাড়া তীব্র গরমে যখন প্রচন্ড অস্বস্তি হতে শুরু করে, তখন ভিজে টিস্যু দিয়ে মুখ, গলা, ঘাড় মুছে নিলে বেশ আরাম বোধ হয়।
২) বাইরের জল না খাওয়াই ভাল। সঙ্গে জলের বোতল রাখুন। মাঝেমাঝেই জলে চুমুক দিতে থাকুন। আরও ভাল হয় যদি জলের মধ্যে নুন-চিনি বা গ্লুকোজ মেশানো থাকে। জল ছাড়াও ডাবের জল, টাটকা ফলের রস, ঘোলের মতো পানীয়ও সঙ্গে রাখতে পারেন।
৩) প্রকৃতির কাছে সকলেই অসহায়। বর্ষাকাল না হলেও যে কোনও সময়ে বৃষ্টি আসতে পারে। তা ছাড়া, চড়া রোদও থাকে। তাই ছোট ফোল্ডিং ছাতা ব্যাগে ভরে ফেলুন। রোদ চশমাটিও রাখতে ভুলবেন না। স্কার্ফ ব্যবহার করলে আরও ভাল।
৪) সানস্ক্রিন না মেখে বাড়ির বাইরে বেরোবেন না। ব্যাগেও একটা সানস্ক্রিন ভরে নিন। প্রত্যেক তিন থেকে চার ঘণ্টা অন্তর অন্তর সানস্ক্রিন ব্যবহার করতে হবে। না হলে সানস্ক্রিন মেখে কোনও লাভ নেই। এ ছাড়া ব্যাগে ফেসওয়াশ রাখুন। রোদ পেরিয়ে অফিসে পৌঁছে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিলে বেশ তরতাজা লাগবে। কাজ করার শক্তিও পাবেন।
৫) গরম মানেই ঘাম হবে। আর ঘেমেনেয়ে অফিস ঢোকার পর সারা দিন সেই পোশাক পরে কাটানোটা খুব একটা সহজ নয়। এ ক্ষেত্রে মুশকিল আসান করতে ব্যাগে ভরে রাখুন ডিওডর্যান্ট আর পারফিউম। ঘামের দুর্গন্ধ এড়িয়ে চলতে ব্যাগে রাখতে পারেন রোল অন।