ডালের ঝোলে কমবে মেদ! ছবি : সংগৃহীত।
ওজন কমাতে রাতের খাবারের থালাতেই বদল আনতে বলা হয়। তার কারণ, রাতের খাবার শরীরেই দীর্ঘ ক্ষণ থেকে যায় এবং হাঁটা চলা বা পরিশ্রম না করায় তা হজমও হয় ধীরে। ফলে সেই খাবার থেকে মেদ বৃদ্ধির ঝুঁকি বেশি। রাতে যদি এমন কিছু খাওয়া যায় যা সহজপাচ্য এবং কম ক্যালোরিযুক্ত , তবে তা ওজন ঝরাতে সাহায্য করবে।
বিশেষ করে পেট এবং কোমরের মেদ কমাতে চাইছেন যাঁরা, তাঁদের ক্ষেত্রে নৈশাহারে নানা ধরনের স্যুপ বা স্যালাড খেতে বলেন পুষ্টিবিদেরা। প্রাণিজ প্রোটিন— যেমন, মাছ-ডিম-মাংস বাদ দিয়ে সহজপাচ্য উদ্ভিজ্জ প্রোটিন এবং ফাইবার অল্প পরিমাণে খাওয়ার পরামর্শ দেওয়া হয়। ওজন কমানোর জন্য যাঁরা ওই ধরনের ডায়েট শুরু করার কথা ভাবছেন, তাঁরা রাতে স্বাদ বদলের জন্য সপ্তাহে এক দিন বা দু’দিন খেতে পারেন মুগ চুরপি ডাল ঝোল।
মুগডাল এবং দইয়ের প্রোটিনের সঙ্গে এই ডালে মেশে হজমকারক মশলা এবং প্রদাহনাশক আদা-রসুন। থাকে ডালের ফাইবারও। অর্থাৎ এক দিকে যেমন এটি হজমে সাহায্য করবে, তেমনই শরীরের প্রয়োজনীয় প্রোটিন এবং ফাইবারেরও জোগান দেবে। বাড়তি পাওনা এর প্রদাহনাশক গুণ। ওজন বৃদ্ধির নেপথ্যে যে প্রদাহ অন্যতম কারণ।
উত্তরভারতে হিমালয়ের পাদদেশে থাকা জেলাগুলিতে এই ডাল অত্যন্ত জনপ্রিয়। গরম ভাতের সঙ্গে ঘি আর এই ডাল দিয়েই এক বেলার খাবার খাওয়া হয়ে যায়। তবে চাইলে স্যুপের মতোও খাওয়া যেতে পারে মুগ চুরপি ডাল ঝোল। জেনে নিন কী ভাবে বানাবেন?
উপকরণ:
২ টেবিল চামচ মুগ ডাল (হালকা ভেজে ১ ঘণ্টা ভিজিয়ে রাখা)
১/২ কাপ দই
১/২ চা চামচ হলুদগুঁড়ো
৩টি কাঁচালঙ্কা (চেরা)
৪ কোয়া রসুন
১ ইঞ্চি আদা
১ লিটার জল
২ টেবিল চামচ সরষের তেল
১ চা চামচ সরষে
১ চা চামচ জিরে
এক চিমটি হিং
১ চা চামচ মেথি দানা
৩-৪টি কাঁচালঙ্কা
২টি শুকনো লঙ্কা
এক মুঠো কারিপাতা
৪ কোয়া রসুনকুচি( ফোড়নের জন্য)
১ কাপ সেদ্ধ কালো ছোলা
১/২ কাপ মটরশুঁটি
স্বাদমতো নুন
১ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কাগুঁড়ো
ধনেপাতা (সাজানোর জন্য)
প্রণালী:
প্রথমে ভিজিয়ে রাখা মুগ ডাল, দই, হলুদগুঁড়ো এবং সামান্য জল দিয়ে একটি ব্লেন্ডারে মসৃণ করে বেটে নিন। এরপর এতে ১ লিটার জল মিশিয়ে একটি পাতলা মিশ্রণ তৈরি করে রাখুন।
৪ কোয়া রসুন, ১ ইঞ্চি আদা এবং ৩টি চেরা কাঁচালঙ্কা একসাথে পিষে বা থেঁতো করে নিন।
একটি বড় কড়াইতে দই ও ডালের মিশ্রণটি ঢেলে দিন। মাঝারি আঁচে অনবরত নাড়তে থাকুন যতক্ষণ না এটি ফুটতে শুরু করে। সমানে নাড়তে থাকা জরুরি কারণ, তা না হলে দই ফেটে যেতে পারে।
ফুটে উঠলে তার মধ্যে থেঁতো করা আদা-রসুন-লঙ্কা, সেদ্ধ করা কালো ছোলা এবং কড়াইশুঁটি দিয়ে দিন। স্বাদমতো নুন দিয়ে রান্না হতে দিন। ডাল পুরোপুরি সেদ্ধ হলে এবং ঝোল কিছুটা ঘন হলে আঁচ কমিয়ে দিন।
অন্য একটি ছোট ফোড়নের প্যানে সরষের তেল গরম করুন। ধোঁয়া উঠলে আঁচ কমিয়ে ওর মধ্যে দিন সর্ষে, জিরে, মেথি দানা এবং হিং। মশলাগুলো ফুটতে শুরু করলে শুকনোলঙ্কা বা কাঁচালঙ্কা, কারিপাতা এবং কুঁচনো রসুন দিয়ে দিন।
রসুন সোনালি হয়ে এলে এতে কাশ্মীরি লঙ্কাগুঁড়ো দিয়ে দ্রুত নাড়ুন এবং সঙ্গে সঙ্গে ডালের উপর ঢেলে দিয়ে পাত্রের ঢাকনা বন্ধ করুন। আঁচও বন্ধ করে দিন।
মিনিট দশেক রেখে উপর থেকে কুচনো ধনেপাতা ছড়িয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।