মৃত আরশোলা কী ভাবে মৃত্যু ডেকে আনে? ছবি: সংগৃহীত।
বাড়িতে আরশোলা ঘুরে বেড়াতে দেখলেই প্রাণ যায় যায় অবস্থা হয় অনেকের! যদি বলা হয়, শুধু জ্যান্ত নয়, মরা আরশোলার কারণেও আপনার প্রাণ যেতে পারে, সে কথা মানবেন কি?
বাড়িতে আরশোলা থাকলে কেবল ‘ফুড পয়জ়নিং’ বা খাদ্যে বিষক্রিয়ার ঝুঁকি বাড়ে না, আরশোলার কারণে মারাত্মক অ্যালার্জিও হতে পারে। গুরুগ্রাম নিবাসী চিকিৎসক হরিশ শর্মা বলেন, ‘‘জীবিত ও মৃত, দু’ ধরনের আরশোলা থেকেই অ্যালার্জি হতে পারে। মৃত আরশোলা ও তাদের শরীরের বিভিন্ন অংশ ভেঙে সূক্ষ্ম কণিকায় পরিণত হতে পারে, যা শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে মানুষের শরীরে ঢোকে। অ্যালার্জেনগুলি খালি চোখে দেখা না গেলেও বাতাসে ছড়িয়ে থাকে। অ্যালার্জেন (এমন যৌগ যার কারণে অ্যালার্জি হয়) কেবল মৃত আরশোলাই ছড়ায় না। ঘরের চারপাশে ছড়ানো আরশোলার লালা, মল এবং শরীরের বিভিন্ন কণা ঘরের ধুলোর সঙ্গে মিশে বাতাসে ছড়িয়ে পড়ে, সেই থেকেও অ্যালার্জি হতে পারে।’’
যাঁদের হাপানির সমস্যা আছে, তাঁদের ক্ষেত্রে আরশোলা জনিত অ্যালার্জি প্রাণঘাতী হতে পারে। আরশোলার মল, লালা, মৃত কোষ এবং মৃত শরীরের অংশে থাকা প্রোটিনের কারণেই মূলত অ্যালার্জি হয়।
কোন কোন উপসর্গ দেখলে সতর্ক হবেন?
১) শ্বাস নিতে কষ্ট
২) ক্রমাগত হাঁচি হওয়া
৩) বুকে ব্যথা
৪) ঠোঁট নীল হয়ে যাওয়া
৫) মুখ আর গলা ফুলে যাওয়া
৬) জ্ঞান হারানো