West Bengal Budget 2026

পশ্চিমবাংলার অর্থনীতির জন্য কী কী প্রয়োজন, বাজেটের আগে নির্মলার কাছ থেকে আশ্বাস নিয়েই ফিরছেন অর্থমন্ত্রী স্বপন

দিল্লি গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং নীতি আয়োগের ডেপুটি চেয়ারম্যান অশোক লাহিড়ীর সঙ্গে বৈঠক করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ১৫:৪২
Share:

(বাঁ দিকে) নির্মলা সীতারমণ এবং স্বপন দাশগুপ্ত (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

আগামী ২২ জুন পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপি সরকারের প্রথম বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তার আগে দিল্লি গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং নীতি আয়োগের ডেপুটি চেয়ারম্যান অশোক লাহিড়ীর সঙ্গে বৈঠক করলেন তিনি। সঙ্গে রাজ্যের অর্থনৈতিক ঘাটতি পূরণে আশ্বাসও নিয়ে এলেন রাসবিহারীর বিধায়ক। যে হেতু বৃহস্পতিবার থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে, তাই মঙ্গলবার রাতেই দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন রাজ্যের অর্থমন্ত্রী। সাক্ষাতের পর কলকাতা ফিরে আবারও বাজেটের প্রস্তুতি শুরু করবেন তিনি।

Advertisement

বুধবার দিল্লিতে প্রথমে নীতি আয়োগের ডেপুটি চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন স্বপন। পরে তাঁর সাক্ষাৎ হয় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে। যে হেতু বিধানসভা ভোটের প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যবাসীকে অর্থনৈতিক সঙ্কট থেকে বেরোনোর আশ্বাস দিয়েছিলেন, তাই বিজেপি নেতৃত্বও জানেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের প্রথম বাজেটের দিকে নজর থাকবে রাজ্যের সর্ব স্তরের মানুষের। প্রথম বাজেট পেশ করার আগে তাই সাবধানে এগোতে চাইছেন অর্থমন্ত্রী স্বপন। তবে দিল্লির জোড়া বৈঠকে বাজেটের কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তা জানাতে চাননি তিনি। বরং স্বপন বলেন, ‘‘অবশ্যই বাজেট নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। তবে কোন কোন বিষয় নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে তা এখনই সংবাদমাধ্যমে বলা সম্ভব নয়।’’ তিনি আরও বলেন, ‘‘এটা সত্যিই, পশ্চিমবাংলার অর্থনীতির জন্য বিশেষ নজরদারির প্রয়োজন রয়েছে। সে ক্ষেত্রে কোনও কোনও বিষয় কেন্দ্রীয় সরকারকে করতে হবে, আবার এমন কিছু বিষয় রয়েছে, যা রাজ্য সরকারকে করতে হবে। তাই যৌথ ভাবেই এই কাজ করতে হবে যখন, তখন সেই ভাবেই আমাদের মধ্যে আলোচনা হয়েছে।’’

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাজ্যপাল আরএন রবির বক্তৃতা দিয়ে শুরু হবে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। ২২ জুন বাজেট পেশ করবেন স্বপন। ওই দিনই বোঝা যাবে পশ্চিমবাংলার জন্য বিজেপির অর্থনৈতিক বিষয়ক ভাবনা কী!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement