Sesame Seeds Health Benefits

শীতকালে সংক্রমণের ঝুঁকি কমাতে ডায়েটে রাখুন তিল! সাদা না কি কালো, কোনটি বেশি স্বাস্থ্যকর?

কেবল রং-ই আলাদা নয়, সাদা ও কালো তিলের মধ্যে স্বাদগত ও পুষ্টিগত পার্থক্যও রয়েছে। কালো তিল স্বাদে খানিকটা তিতকুটে হয়, সাদা তিলের স্বাদ বেশ ভাল, অনেকটা বাদামের মতো। তবে স্বাস্থ্যগুণে এগিয়ে কে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ১৫:১০
Share:

সাদা তিল না কি কালো তিল, স্বাস্থ্যগুণে এগিয়ে কোনটি? ছবি: সংগৃহীত।

উত্তর হোক বা দক্ষিণ— শীতের সময়ে ভারতের নানা প্রান্তেই তিল খাওয়ার চল রয়েছে। কেউ তিলের নাড়ু বানান, কেউ বানিয়ে ফেলেন বরফি। এই মরসুমে রান্নাতেও বেশি মাত্রায় ব্যবহার করা হয় তিল। এতে রান্নার স্বাদ বেড়ে যায় কয়েক গুণ। কেবল খেতেই দারুণ নয়, সাদা তিলের স্বাস্থ্যগুণও আছে। এই শীতের মরসুমে যখন সংক্রমণের বাড়বাড়ন্ত, তখন স্বাস্থ্যের দিকে নজর দিতে হলে কেন তিলকে অবহেলা করা যাবে না, জেনে নিন তার কারণ।

Advertisement

তিলে ক্যালশিয়াম এবং ফসফরাস ভরপুর মাত্রায় থাকে। তাই তিল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শীতের মরসুমে তিল খেলে শরীরের ভাইরাসের সঙ্গে লড়াই করার ক্ষমতা বাড়ে। এ ছাড়া তিলে প্রচুর পরিমাণ ফাইবার থাকে। বিপাকহার বাড়িয়ে দেয় ফাইবার। তাই ডায়াবিটিস রোধে সাহায্য করে তিল। যে কোনও সংক্রমণে ডায়াবেটিকদের স্বাস্থ্য নিয়ে বেশি ভাবতে হয়। ফলে শীতকালে ডায়াবিটিসের রোগীদের বিশেষ ভাবে প্রয়োজন পড়ে তিলের। ত্বকের সমস্যা থাকলেও তিল খেলে লাভ হয়। শীতকালে ত্বক শুষ্ক হয়ে যায়। এই সময়ে জেল্লাও কমে যেতে পারে। তিলের তেল বাড়াতে পারে ত্বকের ঔজ্জ্বল্য। তিলের মধ্যে এমন যৌগ থাকে যা কোলেস্টেরল কমাতে সাহায্য করে। শীতে এমনিতেই হৃদ্‌রোগের ঝুঁকি বেশি থাকে। তাই কোনও মতেই কোলেস্টেরলের সমস্যা বাড়তে দিলে চলবে না এই সময়ে। তাই শীতের মরসুমে তিল রাখা বেশি উপকারী।

এখন প্রশ্ন হল সাদা তিল না কি কালো তিল, কোনটি বেশি স্বাস্থ্যকর?

Advertisement

কেবল রং-ই আলাদা নয়, সাদা ও কালো তিলের মধ্যে স্বাদগত ও পুষ্টিগত পার্থক্যও রয়েছে। কালো তিল স্বাদে খানিকটা তিতকুটে হয়, সাদা তিলের স্বাদ বেশ ভাল, অনেকটা বাদামের মতো। তবে স্বাস্থ্যগুণের দিক থেকে সাদা তিলের থেকে অনেক বেশি এগিয়ে কালো তিল। কালো তিলে অ্যান্টি-অক্সিড্যান্ট, আয়রন, কপার, ম্যাঙ্গানিজ়, পটাশিয়াম আর ম্যাগনেশিয়ামের মাত্রা সাদা তিলের তুলনায় অনেকটাই বেশি থাকে। সাদা তিলের তুলনায় কালো তিল সহজপাচ্য। সুগারের রোগীদের জন্যও কালো তিল খাওয়া বেশি স্বাস্থ্যকর।

স্বাদ ভাল নয় বলে কালো তিল অনেকেই খেতে চান না। সে ক্ষেত্রে কালো তিল গুড়ো করে রেখে দিতে পারেন। তরকারি, পরোটার সঙ্গে মিশিয়ে খেলে স্বাদে খুব বেশি তফাত আসবে না, আর শরীরে পুষ্টিগুণও পৌঁছোবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement