পোহা কার্ড রাইসের উপকার অনেক, ভাল থাকবে পেটও। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
দই-চিঁড়ে খেতে ভাল লাগে না? চিঁড়ের পোলাও পছন্দ। আবার গরমের দিনে দুপুরে দই-ভাত দিব্যি লাগে। দক্ষিণী কায়দায় ফোড়ন ও মশলা সহযোগে কার্ড রাইসও আজকাল বেশ পছন্দ করছেন বাঙালিরা। তবে ডায়েটের জন্য যাঁরা ভাত খাওয়া ছেড়েছেন, তাঁদের মুশকিল বেশি। ভাত ছাড়া কার্ড রাইস হবেই বা কী করে! এত ঝক্কির দরকারই নেই। ভাত ছাড়াই কার্ড রাইস বানানোর কৌশল শিখিয়ে দিলেন রন্ধনশিল্পী কুণাল কপূর। তাতে আবার পোহার স্বাদও থাকবে। সকালের জলখাবারে হোক বা মধ্যাহ্নভোজে, এমন ফিউশন পদটি খেতে মন্দ লাগবে না।
কুণাল জানিয়েছেন, গরমের দিনে পেট ঠান্ডা রাখবে, হজম ভাল হবে, এমনই একটি খাবার হল পোহা কার্ড রাইস। এতে ভাতের ছিঁটেফোঁটা থাকবে না। চিঁড়ে দিয়েই রান্নাটি হবে। এতে যেমন পোহা তৈরির মশলা থাকবে, তেমনই দইও থাকবে। সব মিলিয়ে খাবারটি হবে উপাদেয়। পুষ্টিকরও। কড়া ডায়েটের মধ্যে যাঁরা রয়েছেন, তাঁদের জন্যও বেশ উপযোগী হবে খাবারটি।
পোহা কার্ড রাইসের রন্ধনপ্রণালী
উপকরণ
১ কাপ চিঁড়ে (একটু মোটা চিঁড়ে)
প্রয়োজনমতো জল
২ চামচ তেল
আধ চমচ হিং
২-৩টি শুকনো লঙ্কা
২ চামচ গোটা সর্ষে
২ চামচ বিউলির ডাল
১ চামচ আদাকুচি
১টি কাঁচালঙ্কাকুচি
১০-১২টি কারিপাতা
আধ কাপের মতো কুরিয়ে নেওয় গাজর
দেড়া কাপ টক দই
স্বাদমতো নুন
একমুঠো ধনেপাতাকুচি
প্রণালী:
চিঁড়ে ভাল করে ধুয়ে নিতে হবে। তবে খুব বেশি বার ধোবেন না। বার দুয়েক জল পাল্টে ধুয়ে একটি চালুনির উপর ১৫ মিনিট রেখে দিতে হবে। এই সময়ের মধ্যে চিঁড়ে যতটুকু জল শুষে নেওয়ার নিয়ে নরম হয়ে যাবে এবং বাড়তি জল ঝরে যাবে। প্যানে তেল গরম করে তাতে হিং, শুকনো লঙ্কা ও সর্ষে ফোড়ন দিন। সুগন্ধ বেরোলে আঁচ কমিয়ে তাতে বিউলির ডাল, কারিপাতা, আদা ও লঙ্কাকুচি দিয়ে নাড়ুন। এই সময়ে আঁচ কমানো থাকবে যাতে ফোড়ন পুড়ে না যায়।
এর পর কোরানো গাজর দিয়ে ভাল করে নাড়ুন। চাইলে পছন্দমতো সব্জিও দিতে পারে। ১০-১৫ মিনিট ভাল করে নেড়ে প্যান নামিয়ে নিন। একটি বড় পাত্রে জল ঝরিয়ে রাখা চিঁড়ে নিয়ে তাতে ফেটানো টক দই ও মশলাসমেত কোরানো গাজর মেশান। স্বাদমতো নুন ও ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। চামচ দিয়ে খুব হালকা করে মেশাতে হবে যাতে চিঁড়ে ভেঙে না যায়। পরিবেশনের সময়ে উপরে আরও খানিকটা ধনেপাতা ও চাইলে বেদানা ছড়িয়ে দিতে পারেন।