Drinks fo Digestion

গরমে পেট ঠান্ডা রাখবে, হজমের সমস্যাও দূর হবে, ঘরে বানিয়ে নিন তিন রকম পানীয়

শুধু তেষ্টা মিটলেই তো চলবে না, গরমে বাছতে হবে এমন পানীয় যা শরীরও ঠান্ডা রাখবে। বাজারচলতি রাসায়নিক মেশানো শরবত বাদ দিয়ে আজ থেকেই বাড়িতে মজুত রাখুন এ সব পানীয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ১৭:৪৩
Share:

গরমের দিনে হজমের সমস্যা দূর করবে তিন রকম পানীয়। ছবি: ফ্রিপিক।

গ্যাস-অম্বলের সমস্যায় যাঁরা বেশি ভোগেন, তাঁরা হয়তো ভাবতে পারেন কিছু খেলেই অম্বল হওয়ার অর্থ হল ‘অ্যাসিড রিফ্লাক্স’-এর সমস্যা অথবা ‘জিইআরডি’, অর্থাৎ ‘গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজ়িজ়’। এই দু’টিই হল হজমের ব্যাধি। গরমের দিনে গ্যাস-অম্বলের সমস্যা আরও বাড়ে। পেট ঠান্ডা রাখতে অনেকেই বাজারচলতি হেল্‌থ ড্রিঙ্ক বা শরবত কিনে খান। সেগুলি পেটের জন্য ভাল নয়। তার চেয়ে ঘরেই এমন শরবত তৈরি করে নিন, যা শরীরে জলশূন্যতা দূর করবে এবং পেটও ঠান্ডা রাখবে।

Advertisement

তরমুজের শরবত

খেতে যেমন সুস্বাদু, তেমনই শরীরকে সতেজ রাখতেও তরমুজের জুড়ি মেলা ভার। ভিটামিন বি থাকার ফলে যথেষ্ট শক্তিরও জোগান পাওয়া যায় তরমুজের রস থেকে। তাই তরমুজের শাঁস মিক্সিতে বেটে তার সঙ্গে জল আর মধু মেশান। এর সঙ্গে চাইলে বরফও মেশাতে পারেন।

Advertisement

দইয়ের কাঞ্জি

ঘরে থাকা সামান্য দু’টি উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন প্রোবায়োটিক পানীয় ‘কাঞ্জি’। এর জন্য দু’ চামচ ভাত আর দইয়ে খানিকটা জল মিশিয়ে রেখে দিন সারা রাত। গাঁজন প্রক্রিয়ার মাধ্যমে এর মধ্যে উপকারী ব্যাক্টেরিয়াগুলি জন্মাবে। পরের দিন সকালে সেই মিশ্রণে অল্প নুন মিশিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিন। তা হলেই তৈরি হয়ে যাবে দইয়ের কাঞ্জি।

আদার ডিটক্স পানীয়

১ লিটার জল একটি পাত্রে ঢেলে তাতে আদার টুকরো বা কুরে নেওয়া আদা দিয়ে দিন। এই ভাবেই রেখে দিন অন্তত ১ ঘণ্টা। চাইলে ২-৩ ঘণ্টাও রাখতে পারেন। ঘরের তাপমাত্রাতেই রাখুন। তবে চাইলে ফ্রিজেও রাখতে পারেন। নির্দিষ্ট সময়ের পরে খাওয়ার আগে ওর মধ্যে মিশিয়ে দিন লেবুর রস এবং কুচনো পুদিনা পাতা। চাইলে মধু বা গুড় মিশিয়েও খেতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement