মুখের ফোলাভাব কি চিউয়িংগামে কমবে? ছবি: সংগৃহীত।
থুতনির নীচে জমতে থাকা মেদ ঝরানো সহজ নয়। একে আবার মেকআপ দিয়ে ঢাকার চেষ্টাও বৃথা। নিজস্বী তুলতে গেলেই সবার আগে ফোলা গাল আর থুতনির নীচে জমা মেদ নজরে আসে। মুখের চারপাশে জমা মেদ কমানো সহজ নয়। এই কাজ বড়ই কঠিন আর সময়সাপেক্ষ। তবে অনেকেই চটজলদি সমাধান করতে চিউয়িংগাম চিবোতে শুরু করেন। এই টোটকাতেই নাকি গায়েব হবে মুখের মেদ, এই ধারণা কি আদৌ ঠিক?
সারা ক্ষণ চিউয়িংগাম চিবোনোর অভ্যাস অনেকেরই আছে। কেউ নিছকই ভালবেসে চিউয়িংগাম খান, কেউ গালের মেদ ঝরাতে। অর্থোপেডিক সার্জেন চিকিৎসক কিরণ শেটে বলেন, ‘‘অনেকেই মনে করে চিউয়িংগাম চিবোনো এক প্রকার মুখের ব্যায়াম। তবে এই অভ্যাস চোয়ালের ক্ষতি করছে না তো, সেটাও কিন্তু ভাবতে হবে। চোয়ালের সন্ধিটি ‘টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট’ (টিএম জয়েন্ট) নামে পরিচিত। এটি এক ধরনের স্লাইডিং হিঞ্জ বা কব্জার মতো কাজ করে, যা মুখের উভয় পাশে চোয়ালের হাড়কে মাথার খুলির সঙ্গে যুক্ত করে। এই সন্ধি কথা বলা, কামড়ানো কিংবা চিবোনোর মতো কাজগুলি নিয়ন্ত্রণ করে। মাঝেমধ্যে চিউয়িংগাম খেলে কোনও অসুবিধা নেই, তবে রোজ ঘণ্টার পর ঘণ্টা ধরে চিউয়িংগাম চিবোলে কিন্তু টিএম জয়েন্টের ক্ষতি হয়।’’
কী কী সমস্যা হতে পারে?
১) কিছু চিবোলে কটকট শব্দ হতে পারে
২) টিএম জয়েন্ট আরষ্ট হয়ে যেতে পারে
৩) মাথা ব্যথা হতে পারে
৪) চিবোতে গেলে যন্ত্রণাও হতে পারে
চিউয়িংগাম চিবোলে কি মুখের মেদ ঝরে যায়?
ধারণাটি অত্যন্ত জনপ্রিয় হওয়া সত্ত্বেও, চিকিৎসকের মতে, অতিরিক্ত চিউয়িংগাম চিবোলে মুখের আশপাশের মেদ কমে না। কিরণ বলেন, ‘‘চিউয়িংগাম মুখের ফ্যাট ঝরায় না। এতে পেশির জোর সামান্য বাড়তে পারে। তবে ব্যায়াম হিসাবে চিউয়িংগাম চিবোনো বৃথা।’’