Soups for Diabetics

সুস্বাদু স্যুপ খেয়ে নিয়ন্ত্রণে থাকবে সুগার! বানাতে হবে বিশেষ পদ্ধতিতে, রইল কিছু রেসিপি

ডায়াবিটিস ধরা পড়লে খাওয়াদাওয়ায় আসে কড়া নিয়ন্ত্রণ। যে ধরনের খাবার খাওয়ার অনুমতি থাকে, সেগুলিকে মনে হয় একঘেয়ে। বদলে আর কোন খাবার খেতে পারেন ডায়াবেটিকেরা, যা স্বাদ বদলাতে সাহায্য করবে, আবার স্বাস্থ্যেরও খেয়াল রাখবে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪১
Share:

ডায়াবিটিসের রোগীদের জন্য বিশেষ কিছু স্যুপ, যা খেলে রক্তে শর্করা নিয়ন্ত্রণে থাকবে। ছবি: ফ্রিপিক।

সুগার বেড়েছে, তাই মিষ্টি খাওয়া বারণ। পেট ভরে ভাত খাবেন, সে উপায় কি আছে! যে যে খাবারের গ্লাইসেমিক ইনডেক্স বেশি, সেই খাবারগুলিই ডায়াবেটিকদের জীবন থেকে বাদ। এটা-সেটা বাদ দিতে দিতে খাওয়ার তালিকাও সঙ্কীর্ণ হয়েছে। একই ধরনের খাবার নিয়মিত খেতে একঘেয়ে লাগে। পুষ্টিবিদেরা বলছেন, স্বাস্থ্যের কথা মাথায় রেখে স্বাদ বদলে ডায়াবিটিস রোগীরা খাদ্যতালিকায় রাখতে পারেন নানা রকম স্যুপ। তবে তা বানাতে হবে বিশেষ পদ্ধতিতে। এমন ভাবে রাঁধতে হবে যা খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। ওজন ঠিক থাকে এবং মনও ভরে।

Advertisement

ডায়াবেটিকরা কী কী ধরনের স্যুপ খেতে পারেন?

বাঁধাকপির স্যুপ

Advertisement

এক কাপের মতো কুচনো বাঁধাকপি নিতে হবে। সঙ্গে লাগবে ১টি গোটা পেঁয়াজ কুচি, ১টি গাজর কুচি, ১টি ক্যাপসিকাম কুচনো, ২টি রসুনের কোয়া, ১টি গোটা টম্যাটোর পিউরি, ১ চা চামচ অলিভ তেল, নুন ও গোলমরিচ। কড়াইতে অলিভ তেল দিয়ে মাঝারি আঁচে রান্না করতে হবে। তেল গরম হলে তাতে পেঁয়াজ, রসুন দিয়ে নাড়তে থাকুন। তার পর একে একে সমস্ত সব্জি দিয়ে দিন। মেশান টম্যাটো পিউরি। নাড়াচাড়া করে তাতে জল দিয়ে ঢেকে বসিয়ে দিন। নুন দিতে হবে স্বাদমতো। রান্না হয়ে গেলে গোলমরিচ ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

আদা-গাজরের স্যুপ

মাঝারি আঁচে বড় একটি সসপ্যানে ২ টেবিলচামচ অলিভ অয়েল গরম করে তাতে পেঁয়াজ শাক, পেঁয়াজ, রসুন, আদা দিয়ে ভাল করে ৫ মিনিট ভেজে নরম হলে (বাদামি রং ধরবে না) তাতে জিরে, ধনে, স্বাদ বুঝে লঙ্কা বাটা দিয়ে সুগন্ধ বেরনো পর্যন্ত রান্না করুন। এ বার মশলায় গাজর কুচি দিয়ে ভাল করে নেড়ে সেদ্ধ হতে দিন। ছোট একটি প্যানে মাঝারি আঁচে ২ টেবিল চামচ অলিভ অয়েল গরম করে তাতে বাদাম দিয়ে আঁচ কমিয়ে কিছু ক্ষণ নাড়াচাড়া করে গন্ধ বেরোলে নামিয়ে নিন। সেটি স্যুপে ঢেলে দিন। উপরে ধনেপাতা ছড়িয়ে দিন। চাইলে নারকেলের দুধও দিতে পারেন।

রাগির স্যুপ

প্যানে ঘি গরম করে তাতে একটি তেজপাতা ও রসুন কুচি দিয়ে নাড়ুন। হালকা সতেঁ করে নিয়ে তাতে গাজর, বিন্‌স, ফুলকপি ও কড়াইশুঁটি দিয়ে দিন। ভাল করে নাড়াচাড়া করে ঢেকে বসিয়ে দিন ৮-১০ মিনিট। সব্জিগুলি যেন ভাল করে ভাজা হয়, তা হলে স্বাদ ভাল লাগবে। এ বার তাতে রাগি মিশিয়ে জল দিন। স্যুপ ফুটতে শুরু করলে তাতে ডিম মিশিয়ে দিতে হবে। ভাল করে ফুটে গেলে গোলমরিচ ছড়িয়ে নামিয়ে নিতে হবে। গরম গরম পরিবেশন করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement