মহিলারা পায়ের কী কী লক্ষণ দেখে রোগ চিনবেন? চিত্রাঙ্কন: শৌভিক দেবনাথ।
পায়ে ব্যথা, ফোলা ভাব অথবা ঘন ঘন কালশিটে পড়া, পায়ের যে কোনও অবস্থাই জটিল কোনও অসুখের পূর্বলক্ষণ হতে পারে। অর্থাৎ, পা দেখেও নাকি রোগ বোঝা যায়! মহিলাদের পায়ের সমস্যা হয়েই থাকে। আজ পা ফুলছে, তো কাল গোড়ালিতে ব্যথা। কাফ মাসলে টান ধরার সমস্যা তো প্রায়ই হয়। বয়স চল্লিশ পেরোলে হাঁটুর ব্যথাও কাবু করে। চিকিৎসকেরা বলছেন, বয়ঃসন্ধি পর্ব থেকে একেবারে রজোনিবৃত্তি পর্যন্ত, জীবনের নানা পর্যায়ে হরমোনের ওঠানামার কারণে শরীরে কিছু বিশেষ লক্ষণ দেখা দেয়। সে সব উপসর্গ পায়েও ফুটে ওঠে। তা কী রকম?
পায়ের পেশিতে টান
পায়ের পেশিতে ঘন ঘন টান ধরা, কাফ মাসলে খিঁচুনি হওয়ার অর্থ হল শরীরে পটাশিয়াম, ক্যালশিয়াম ও ম্যাগনেশিয়ামের অভাব হচ্ছে। যদি চল্লিশ পেরিয়ে এই সমস্যা বেশি দেখা দিতে থাকে, তা হলে বুঝতে হবে শরীরে ইস্ট্রোজেন হরমোনের তারতম্য ঘটছে। রজোনিবৃত্তি পর্বের আগে এমন কিছু উপসর্গ দেখা দিতে থাকে। সেটি আবার অস্টিয়োপোরোসিস বা হাড়ের ঘনত্ব কমে যাওয়ার লক্ষণও হতে পারে।
পা ও গোড়ালি ফুলে যাওয়া
গোড়ালি ফুলে যাওয়ার সমস্যায় কমবেশি অনেক মহিলাই ভোগেন। পায়ের পাতা বা গোড়ালি ফুলে যাওয়া অনেক সময়ে কিডনির সমস্যা বা হৃদ্রোগের লক্ষণ হতে পারে। অন্তঃসত্ত্বা অবস্থায় ঘন ঘন পা ফুলে গেলে তা উচ্চ রক্তচাপের লক্ষণও হতে পারে।
পায়ের পাতা ঠান্ডা হয়ে যাওয়া
থাইরয়েডের কিছু লক্ষণ বোঝা যায় পা দেখেই। পা ফাটার সমস্যা, গোড়ালিতে লালচে ভাব যদি মাঝেমধ্যেই হতে থাকে, তা হলে সেটি ত্বকের সমস্যা নয়। অনেকের আবার পায়ের পাতা ঠান্ডা হয়ে যাওয়ার মতো লক্ষণও দেখা দেয়। রক্তাল্পতার ক্ষেত্রেও এমন সব উপসর্গ দেখা দিতে থাকে।
পায়ে চুলকানি, গোড়ালিতে কালচে ছোপ
পায়ে চুলকানি, গোড়ালি ফুলে ওঠা এবং পায়ের পাতা ও গোড়ালিতে কালচে ছোপ পড়লে বুঝতে হবে, লিভারের রোগ বাসা বাঁধছে। লিভারের অসুখ হলে অনেক সময়েই শরীরের ধমনীগুলির উপর চাপ সৃষ্টি হয়। ফলে রক্ত চলাচলে বাধা তৈরি হয়। বিশেষ করে লিভারে গভীর ক্ষত বা সিরোসিস হলে তখন হাত-পায়ে জল জমা হতে থাকে। তখন পায়ের পাতা ফুলে ওঠে।
পায়ের আঙুল অবশ হয়ে যাওয়া
পায়ের আঙুল প্রায়ই অবশ হয়ে যাওয়া বা সুচ ফোটানোর মতো অনুভূতি হওয়া টাইপ-২ ডায়াবিটিসের প্রাথমিক লক্ষণ হতে পারে। এ ছাড়া ভিটামিন বি-১২ এর অভাব হলেও পায়ের আঙুল বা পায়ের পাতা অসাড় হয়ে যাওয়ার লক্ষণ দেখা দিতে পারে।
পায়ের পাতায় কাঁপুনি
শুয়ে বা বসে থাকার সময়ে পায়ের পাতায় কাঁপুনি হতে থাকলে তা আয়রনের ঘাটতি নির্দেশ করে। শরীরে আয়রনের অভাব হলে বা রক্তাল্পতার লক্ষণ দেখা দিলে এমন সব উপসর্গ প্রাথমিক ভাবে প্রকাশ পেতে পারে।