Healthy Snacking

ক্রিকেট বিশ্বকাপ দেখতে দেখতে চিপ্‌স নয়, সুস্বাদু ও স্বাস্থ্যকর ৫ স্ন্যাক্স থাকলে জমে যাবে সন্ধ্যা

সকলে মিলে বসে চা ও চিপ্‌স খেতে খেতে খেলা দেখার মজাই আলাদা। সোফায় জমিয়ে বসে খেলা দেখার সময়ে মুখরোচক কিছু তো খেতেই হবে। তবে তাতে মন ভরলেও, শরীর বিগড়ে যাবে। তাই এমন কিছু স্ন্যাক্স সঙ্গে রাখুন, যা স্বাদে ও স্বাস্থ্যে ভরপুর হবে এবং খেলা দেখার আনন্দ দ্বিগুণ হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০০
Share:

জমিয়ে খেলা দেখুন, সঙ্গে থাকুক ৫ স্বাস্থ্যকর স্ন্যাক্স। ছবি: এআই সহায়তায় প্রণীত।

টি-টোয়েন্টি বিশ্বকাপ চলছে। প্রায় সকলেই টিভির সামনে জমিয়ে বসে খেলা দেখছেন। বাড়িতে বন্ধুদেরও ডাকছেন। গল্প করতে করতে খেলা দেখার মজাই আলাদা। তবে এর সঙ্গে মুখরোচক স্ন্যাক্সও প্রয়োজন। চা ও চিপ্‌স সহযোগে খেলা দেখতে বেশ লাগে। বাঙালি তো খেলা দেখার সময়ে শুধু চিপ্‌স নয়, সঙ্গে পকোড়া, তেলেভাজার বিপুল আয়োজনও রাখে। তবে খেলা দেখার উত্তেজনায় এগুলি বেশি খেয়ে ফেললেই মুশকিল। তখন অম্বলে গলা-বুক জ্বালা শুরু হবে। তাই এমন স্ন্যাক্স সঙ্গে রাখতে হবে যা স্বাদে ও স্বাস্থ্যে ভরপুর।

Advertisement

এখন অনেকেই স্বাস্থ্য সচেতন। কারও কারও আবার সুগার বা উচ্চ কোলেস্টেরলের জন্য খাওয়াদাওয়ায় নানা বিধিনিষেধও রয়েছে। কেউ কেউ তো জিমে গিয়ে ওজন ঝরানোর চেষ্টাও করছেন। তাই খাওয়াদাওয়াও করতে হয় নিয়ম মেনে। সে কারণে দোকান থেকে কিনে আনা তেলেভাজা বা পকোড়া নয়, বাড়িতে স্বাস্থ্যকর অথচ সুস্বাদু স্ন্যাক্স বানিয়ে নিন।

নাট বাটার এনার্জি বল

Advertisement

এক কাপ রোল্‌ড ওট্‌স, আধ কাপ মাখন, আধ কাপের মতো মধু, এক কাপ নানা রকম বীজ ও বাদাম নিন। সমস্ত উপকরণ মিশিয়ে ওট্‌স মেখে গোল গোল করুন। এ বার বেকিং সিটে রেখে ফ্রিজে আধ ঘণ্টা রেখে দিন। খুব সুন্দর স্ন্যাক্স তৈরি হয়ে যাবে।

চিজ়ের সঙ্গে আনারসের স্ন্যাক্স

খুবই সহজ বানানো। আধ কাপের মতো চিজ় নিয়ে তার সঙ্গে আনারসের টুকরো মিশিয়ে নিন। উপরে এক চিমটে দারচিনির গুঁড়ো ছড়িয়ে ফ্রিজে রেখে দিন। খিদে পেলে এই স্ন্যাক্স খেতে পারেন। খেতেও সুস্বাদু হবে এবং ভাজাভুজি ও মিষ্টি খাওয়ার প্রবণতাও কমবে।

বেকড আপেল ও পনির নাচোস

আপেল পাতলা টুকরো করে কেটে নিন। প্রতিটি টুকরোর উপর অল্প গ্রেট করা পনির বা চিজ় এবং সামান্য দারচিনি গুঁড়ো দিন। অভেনে বা তাওয়ায় ঢেকে ২-৩ মিনিট গরম করুন যত ক্ষণ না পনির বা চিজ় গলে যায়। এর পর উপরে সামান্য মধু ছড়িয়ে দিন। ছোটরাও এই স্ন্যাক্স খেতে পারে।

ওট্‌স দিয়ে দই বড়া

ওট্‌স গুঁড়ো করে তার সঙ্গে সামান্য সুজি, টক দই ও জল মিশিয়ে ঘন ব্যাটার তৈরি করুন। ইডলি মেকারে বা ছোট বাটিতে অল্প অল্প করে ব্যাটার দিয়ে ভাপে সেদ্ধ করে নিন। এ বার বড়াগুলি ঠান্ডা হলে তার উপর আরও কিছুটা ফেটানো টক দই, তেঁতুলের চাটনি ও চাট মশলা ছড়িয়ে পরিবেশন করুন।

মাখানা ও কাজুর চাট

রোস্টেড মাখানা, কাঠবাদাম এবং কাজু একসঙ্গে মিশিয়ে নিন। মাখানা কিনে এনে শুকনো তাওয়ায় নেড়ে নিতে পারেন। এ বার একটি পাত্রে সামান্য অলিভ অয়েল এবং শুকনো কারি পাতা দিয়ে হালকা করে নাড়ুন। অলিভ অয়েল না থাকলে মাখন দিয়েও করতে পারেন। সেটি ছড়িয়ে দিন ওই মিশ্রণে। এই চাট কাচের জারে রেখেও দিতে পারেন। সন্ধ্যায় খেলা দেখতে দেখতে খেলে মন্দ লাগবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement