Sandwich Recipes

গ্যাসের খরচ বাঁচিয়ে ঝটপট টিফিনে কী বানানো যায় ভাবছেন? রইল ৫ রকম পুষ্টিকর স্যান্ডউইচ তৈরির প্রণালী

রান্নার ঝামেলা নেই। গ্যাসের খরচও বাঁচবে। চটজলদি টিফিনে বানিয়ে নিয়ে যাওয়া যাবে, এমন কিছু সুস্বাদু ও পুষ্টিকর স্যান্ডউইচের রেসিপি রইল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১৬:৪০
Share:

গ্যাস খরচ হবে না, কী ভাবে বানাবেন সুস্বাদু টিফিন? ছবি: ফ্রিপিক।

রান্নার গ্যাসের দাম বাড়ছে। পকেটে টান সাধারণ মধ্যবিত্তের। আমেরিকা-ইজরায়েল বনাম ইরানের যুদ্ধের রেশ পড়েছে মধ্যবিত্তের হেঁশেলেও। তাই গ্যাসের খরচ বাঁচিয়ে কী ভাবে রান্না করা যায়, সে নিয়েই শুরু হয়েছে ভাবনাচিন্তা। গ্যাসের বিকল্প উপায়ের খোঁজও চলছে। গ্যাস খরচ বাঁচিয়ে ঝটপট যদি টিফিনের জন্য হালকা কিছু বানাতে চান, তা হলে স্যান্ডউইচ বানিয়ে নিতে পারেন। সুস্বাদু ও স্বাস্থ্যকর কিছু স্যান্ডউইচের রেসিপি রইল।

Advertisement

দই-সব্জির স্যান্ডউইচ

টক দইয়ের জল ঝরিয়ে তাতে কুচনো গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, গোলমরিচের গুঁড়ো ও সামান্য নুন মিশিয়ে নিন। এই মিশ্রণটি পাউরুটির ভিতরে ভরে নিন। স্যান্ডউইচ মেকারে বা টোস্টারে গ্রিল করে নিতে পারেন। প্রোটিনে ঠাসা এই স্যান্ডউইচ ছোটদের জন্যও পুষ্টিকর।

Advertisement

পিনাট বাটার-কলার স্যান্ডউইচ

পাউরুটি টোস্টারে বা মাইক্রোঅভেনে গ্রিল করে নিতে পারেন। এ বার ভিতরে পিনাট বাটার ভাল করে মাখিয়ে ছোট ছোট টুকরো করা কলা দিয়ে সামান্য গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিন।

মেয়ো-গাজর তিলের স্যান্ডউইচ

গ্রেট করা গাজরের সঙ্গে মেয়োনিজ় এবং সামান্য গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নিন। এই মিশ্রণটি পাউরুটিতে লাগিয়ে উপরে সামান্য সাদা তিল ছড়িয়ে দিন। এই স্যান্ডউইচ ক্যালশিয়াম সমৃদ্ধ। ছোটদের টিফিনেও বানিয়ে দিতে পারেন।

পুষ্টিকর কর্ন স্যান্ডউইচ। ছবি: ফ্রিপিক।

কর্ন চিজ স্যান্ডউইচ

সেদ্ধ করা সুইট কর্ন (আগে থেকে সেদ্ধ করা থাকলে ভাল), চিজ় এবং চিলিফ্লেক্স মিশিয়ে নিন। এই মিশ্রণটি পাউরুটিতে লাগিয়ে নিন। টোস্টারে গ্রিল করে নিলেই ক্রিমি কর্ন স্যান্ডউইচ তৈরি হয়ে যাবে।

ছানা-কিশমিশের শাহি স্যান্ডউইচ

টাটকা জল ঝরানো ছানা হাতের তালুতে ভাল করে মেখে নিন। এ বার তাতে চিনি বা মধু এবং কুচনো কিশমিশ মিশিয়ে নিন। এটি পাউরুটির ভিতর মাখিয়ে নিন। প্রোটিন ও কার্বোহাইড্রেটে সমৃদ্ধ এই স্যান্ডউইচ টিফিনের জন্য দারুণ স্বাস্থ্যকর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement