এয়ার ফ্রায়ারে চিকেন রাঁধার কিছু প্রণালী। ছবি: ফ্রিপিক।
গ্যাসের দাম বাড়ছে। পশ্চিম এশিয়ার যুদ্ধের রেশ পড়েছে বাঙালির হেঁশেলেও। গ্যাসের খরচ বাঁচিয়ে তাই বিকল্প উপায়ে রান্নাবান্না করার প্রয়োজন পড়েছে। গ্যাসের বিকল্প যা যা হতে পারে তার মধ্যে একটি হল এয়ার ফ্রায়ার। কম তেল ও মশলায় চিকেন রাঁধার আদর্শ উপায়ই হল এয়ার ফ্রায়ার। স্বাস্থ্য সচেতনেরা কম তেলমশলায় রান্না করতে এয়ার ফ্রায়ারকেই বেছে নিচ্ছেন। এতে চিকেন নানা রকম ভাবে রাঁধা যায়। তবে পদ্ধতি জেনে নিতে হবে। গ্যাসের খরচ বাঁচিয়ে চটজলদি চিকেন রাঁধতে হবে তা এয়ার ফ্রায়ারে কী কী ভাবে রাঁধবেন, রইল কিছু প্রণালী।
এয়ার ফ্রায়ারে চিকেন রাঁধার কিছু প্রণালী
চিকেন কবাব
একটি বড় বাটিতে টক দই, আদা-রসুন বাটা, কাঁচা লঙ্কা, লেবুর রস এবং সব মশলা ভাল করে মিশিয়ে নিন। এ বার ছোট ছোট টুকরো করে কাটা চিকেনর টুকরোগুলি ভাল ভাবে মিশিয়ে নিন। অন্তত ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা রেখে দিন। যদি কাঠের কাঠি বা স্কিউয়ার ব্যবহার করেন, তা হলে সেগুলি আধ ঘণ্টা মতো জলে ভিজিয়ে রাখুন। এ বার কাঠিতে একে একে চিকেনের টুকরোগুলি গেঁথে নিন। মাঝে চাইলে ক্যাপসিকাম বা পেঁয়াজের টুকরো দিতে পারেন। এয়ার ফ্রায়ারটিকে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মিনিট পাঁচেকের জন্য প্রি-হিট করে নিয়ে বাস্কেটে সামান্য তেল ব্রাশ করে কবাবগুলি সাজিয়ে দিন। ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ১২-১৫ মিনিট রোস্ট করে নিন।
মুচমুচে চিকেন উইংস
চিকেন উইংস কিনে আনুন। সে গুলি আদাবাটা, রসুনবাটা, পেঁয়াডবাটা, কাঁচালঙ্কা, গরমমশলার গুঁড়ো মাখিয়ে ম্যারিনেট করে রাখুন ৩০ মিনিট। এর পর কর্নফ্লাওয়ার মাখিয়ে আরও কিছু ক্ষণ রেখে দিন। এয়ার ফ্রায়ারটিকে ২০০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রি-হিট করে নিন। বাক্সেটে তেল বা মাখন ব্রাশ করে ১৫ মিনিট ফ্রাই করুন। মাঝে একবার উল্টে দেবেন যাতে সব পাশ সমান মুচমুচে হয়।
চিকেন পপকর্ন
চিকেন ছোট ছোট কিউব করে কেটে নিন। এতে আদা-রসুন-কাঁচালঙ্কা বাটা, গোলমরিচ মাখিয়ে রাখুন। ৩০ মিনিট মতো রেখে দিন। ডিমের ব্যাটার তৈরি করে নিন। তাতে চিকেনের টুকরোগুলি ডুবিয়ে ব্রেডক্রাম্ব বা বিস্কুটের গুঁড়োতে মাখিয়ে নিন। এয়ার ফ্রায়ার আগে ১৯০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রি-হিট করে নিন। তার পর বাক্সেটে সামান্য তেল ব্রাশ করে চিকেনের টুকরোগুলি দিয়ে ১০ মিনিটের মতো ফ্রাই করুন। মাঝে একবার বাস্কেটটি বার করে ভাল করে ঝাঁকিয়ে নিতে হবে, যাতে সবদিক সমান মুচমুচে হয়।