Muscle Healthy Diet

ঘি, দুধ, পনির সমৃদ্ধ দেশি খাবার খেয়েই খেলতে নামতেন সাইনা! ওজন নিয়ন্ত্রণে অসুবিধা হত না

খেলোয়াড়কে সারা দিন নানা ধরনের পরিশ্রম করতে হয়। সবটাই পেশির ক্ষমতা বৃদ্ধির জন্য। সাইনা জানিয়েছেন, সে ব্যাপারে কড়া নজর রাখতেন তাঁর মা। খাবারের রুটিনও বদলাত সেই ভাবেই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৬ ১৯:১৮
Share:

পেশির জন্য কেমন খাবার ভাল? জানালেন সাইনা নেহওয়াল গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

খেলোয়াড়দের কাছে ফিটনেসের কোনও বিকল্প নেই। কারণ, খেলা শুধু দক্ষতা দিয়ে খেলা যায় না। তার জন্য শারীরিক ফিটনেসও সমান জরুরি। ভারতের অন্যতম সফল ব্যাডমিন্টন তারকা সাইনা নেহাওয়াল জানালেন, তাঁকে যখন মাঠে নেমে সেরা খেলাটা খেলতে হত, তখন তিনি ফিটনেসের জন্য কী খেতেন।

Advertisement

সাইনার বয়স এখন ৩৫। হাঁটুর চোটের জন্য সময়ের আগেই ব্যাডমিন্টনের কোর্ট থেকে সরে দাঁড়াতে হয়েছে তাঁকে। তবে যে সময় তাঁর পারফর্ম্যান্স তুঙ্গে ছিল, সেই সময়ের কথাই এক পডকাস্টে রোমন্থন করেছেন সাইনা। বলেছেন, ‘‘বাবা আমার আর্থিক প্রয়োজনের দিকগুলো দেখতেন আর মা খেয়াল রাখতেন স্বাস্থ্যের। কী খাব না খাব, সেই সব মা ঠিক করে দিতেন। আর যেহেতু নিরামিষ খেতাম, তাই মা খেয়াল রাখতেন, আমার শরীরে যেন যাবতীয় ভাল জিনিসই যায়।’’

খেলোয়াড়কে সারা দিন নানা ধরনের পরিশ্রম করতে হয়। প্র্যাকটিসের পাশাপাশি মাসল ট্রেনিং, ওয়েট ট্রেনিং-সহ ওজন ঠিক রাখার শারীরিক কসরতও। সবটাই পেশির ক্ষমতা বৃদ্ধির জন্য। কারণ, পেশিই খেলোয়াড়দের ফিটনেসের জন্য সবচেয়ে জরুরি। সাইনা জানিয়েছেন, প্র্যাকটিস করতে গিয়ে ছোট-বড় চোট লাগতেই থাকে পেশিতে। সেই ক্ষতি যাতে নিজের মতো করে শরীর পূরণ করতে পারে, তার জন্য ভাল খাওয়াদাওয়া জরুরি। তাঁর মা এ ব্যাপারে কড়া নজর রাখতেন। তবে কোনও বিদেশি বা শৌখিন খাবার খাওয়াতেন না। সাইনা বলেছেন, ‘‘আমি দুধ ঘি পনির সব্জি-সহ খাঁটি দেশি খাবার খেতাম। আর এই সব কিছুই পরিকল্পনা করা হত আমার ভবিষ্যতের কথা মাথায় রেখে। যাতে পরের দিন শরীর আবার সব কিছু গুছিয়ে নিতে পারে, কোনও চোট, আহত পেশিতন্তু মেরামত করতে পারে, আবার সর্বাঙ্গীন ভাবে সুস্থ হতে পারে।"

Advertisement

সাইনার থেকে শিক্ষা নিতে পারেন তাঁরা, যাঁরা ওজন কমানোর জন্য নিয়মিত শরীরচর্চা করছেন। অনেকেই রোগা হওয়ার জন্য শরীরচর্চা করলেও পুষ্টিকর খাওয়াদাওয়ায় নজর দেন না। ঘি, পনির, ছানার মতো স্বাস্থ্যকর ফ্যাট বাদ দেওয়ায় তাঁদের পেশি দুর্বল হয়ে পড়ে। আর পেশি দুর্বল হলে তার প্রভাব পড়ে বিপাকের হারে। যা সার্বিক স্বাস্থ্যের অবনতি ঘটাতে পারে।

পেশিকে ভাল রাখার জন্য কী কী প্রয়োজন?

যাঁরা নিয়মিত শরীরচর্চা করেন, তাঁদের জন্য তো বটেই, যাঁরা করেন না, তাঁদের পেশির স্বাস্থ্যের জন্যও দরকার প্রোটিন। দরকার পর্যাপ্ত জল খাওয়া এবং ৭-৮ ঘণ্টার ঘুম। এর বাইরে ম্যাগনেশিয়াম এবং স্বাস্থ্যকর ফ্যাটও পেশির জন্য ভাল। যাঁরা নিয়মিত শরীরচর্চা করেন, তাঁদের প্রয়োজনীয় শক্তির জন্য ফাইবার এবং কার্বোহাইড্রেটও দরকার। কারণ, শর্করায় টান পড়লে শরীরচর্চার অভ্যাস বেশি দিন টানা যাবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement