রক্তচলাচল ভাল রাখতে কী কী খাবেন? ছবি: সংগৃহীত।
শরীরের প্রতিটি কোষে অক্সিজেন ও পুষ্টি পৌঁছে দেওয়ার কাজ করে রক্ত। আর সেই কাজ যথাযথ ভাবে সম্পন্ন হওয়ার জন্য প্রয়োজন সুস্থ রক্তসঞ্চালন। রক্ত চলাচলে সমস্যা হলে ক্লান্তি, হাত-পা ঠান্ডা হয়ে যাওয়া, পেশিতে টান, মাথা ঘোরা কিংবা নানা ধরনের শারীরিক অসুবিধা দেখা দিতে পারে। আর তাই ধমনীর স্বাস্থ্য ভাল রাখা জরুরি।
চিকিৎসকদের মতে, রক্তসঞ্চালন ভাল রাখতে সব সময় ওষুধের প্রয়োজন হয় না। দৈনন্দিন জীবনের কিছু সহজ অভ্যাসও এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কিছু অভ্যাস রপ্ত করতে হবে, আর কিছু পরিত্যাগ। সম্প্রতি মেরিল্যান্ডের অ্যানেস্থেশিয়োলজিস্ট এবং ইন্টারভেনশনাল পেন মেডিসিনের চিকিৎসক কুণাল সুদ পাঁচটি অভ্যাসের কথা জানিয়েছেন, যা দীর্ঘ মেয়াদে রক্ত চলাচল সুস্থ রাখতে সাহায্য করতে পারে।
১. নাইট্রেট সমৃদ্ধ খাবার খান
পালংশাক, লালশাক, কলমিশাক-সহ বিভিন্ন শাকপাতায় প্রচুর নাইট্রেট থাকে। তা ছাড়া বিট ও লেটুসেও এই উপাদানের পরিমাণ বেশি। শরীরে এই নাইট্রেট নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত হয়, যা রক্তনালিকে শিথিল ও প্রসারিত করতে সাহায্য করে। এর ফলে রক্ত সহজে চলাচল করতে পারে এবং রক্তপ্রবাহ উন্নত হতে পারে। তাই নিয়মিত খাদ্যতালিকায় প্রচুর শাক রাখার পরামর্শ দিচ্ছেন তিনি।
২. প্রতি দিন হাঁটুন ও ব্যায়াম করুন
রক্তসঞ্চালন ভাল রাখার সবচেয়ে সহজ উপায়গুলির মধ্যে একটি হল হাঁটা। নিয়মিত হাঁটলে হৃদ্যন্ত্র সক্রিয় থাকে, পেশিগুলি কাজ করে এবং সারা শরীরে রক্তপ্রবাহ বাড়ে। দীর্ঘ সময় এক জায়গায় বসে থাকার বাধকতা থাকলেও মাঝেমধ্যে উঠে হাঁটাচলা করা জরুরি। তা ছাড়া চিকিৎসকের বক্তব্য, রেজ়িস্ট্যান্স এক্সারসাইজ় ইনসুলিন, গ্লুকোজ়, রক্তচাপ এবং পেশির স্বাস্থ্যের দিকে নজর দেয়।
৩. পর্যাপ্ত জলপান করুন
রক্তের একটি অংশ প্লাজ়মা দিয়ে তৈরি, যা প্রধান উপাদান জল। শরীরে জলের ঘাটতি হলে রক্ত তুলনামূলক ভাবে ঘন হয়ে যেতে পারে। ফলে রক্ত চলাচলের উপরও প্রভাব পড়তে পারে। চিকিৎসকের মতে, পর্যাপ্ত জলপান রক্তপ্রবাহ স্বাভাবিক রাখতে সাহায্য করে এবং শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের কাজও সুষ্ঠু ভাবে চালাতে সাহায্য করে।
৪. ধূমপান এড়িয়ে চলুন
ধূমপান রক্তনালির উপর খারাপ প্রভাব ফেলতে পারে। এটি রক্তনালিকে সঙ্কুচিত করতে পারে এবং দীর্ঘ মেয়াদে হৃদ্রোগের ঝুঁকিও বাড়াতে পারে। রক্তসঞ্চালন ভাল রাখতে চাইলে ধূমপান ছাড়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। কারণ, ধূমপান অক্সিডেটিভ স্ট্রেস, প্রদাহ এবং এন্ডোথেলিয়ামের ক্ষতি বাড়ায়।
৫. পর্যাপ্ত পরিমাণে ঘুমোন
ঘুমের সময় শরীর কোষের মেরামতির কাজ করে। পর্যাপ্ত ও ভাল ঘুম না হলে হৃদ্যন্ত্র এবং রক্তনালির স্বাস্থ্যের উপরও প্রভাব পড়তে পারে। নিয়মিত ভাল ঘুম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং সামগ্রিক রক্তসঞ্চালন ভাল রাখতে সাহায্য করতে পারে।
রক্তসঞ্চালন খারাপ হলে কী লক্ষণ দেখা দিতে পারে?
* হাত-পা বার বার ঠান্ডা হয়ে যাওয়া
* পায়ে ঝিঁঝিঁ ধরা বা অবশ ভাব
* দ্রুত ক্লান্ত হয়ে পড়া
* পেশিতে ব্যথা বা টান ধরা
* মাথা ঘোরা
* ক্ষত শুকোতে বেশি সময় লাগা
এই ধরনের সমস্যা দীর্ঘ দিন থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
সুস্থ রক্তসঞ্চালন মানে শুধু হৃদ্যন্ত্রের স্বাস্থ্যরক্ষা নয়, বরং গোটা শরীরের সুস্থতা বজায় রাখা। তাই শাক খাওয়া, নিয়মিত হাঁটা, পর্যাপ্ত জলপান, ভাল ঘুম এবং ধূমপান থেকে দূরে থাকা— এই সাধারণ অভ্যাসগুলিই দীর্ঘ মেয়াদে বড় পরিবর্তন আনতে পারে। অনেক সময়ে সুস্থ থাকার পথ লুকিয়ে থাকে দৈনন্দিন ছোট ছোট সিদ্ধান্তের মধ্যেই।