Millet Recipes

চেনা রান্নায় নতুন মোড়ক, শাহি কবাব থেকে কুলফি, রাগি দিয়ে বাড়বে স্বাদ, বজায় থাকবে স্বাস্থ্যও

ডায়েট ভুলে গিয়ে শুধু স্বাদ নয়, বরং স্বাদে থাকুক ডায়েটের ছোঁয়া। পছন্দের কুলফি থেকে কবাব, সবই রাঁধা যায় স্বাস্থ্যকর রাগি দিয়েই। ওজন কমাতে আর স্বাদের সঙ্গে আপোস করতে হবে না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১৪:৪০
Share:

রাগির কবাব বা কুলফি কী ভাবে বানাবেন? ছবি: ফ্রিপিক।

আটা-ময়দায় গ্লুটেন, খেলে অম্বল হয়। আবার ওজন কমাতে ময়দা একেবারে বাদ দিয়েছেন অনেকে। কার্বোহাইড্রেটের জন্য ভাতও বেশি খাওয়া যাবে না। তার উপরে চিনি বাতিলের খাতায়। তা হলে হাতে রইল রাগি বা মিলেট, যা নিয়ে এখন হইচই গোটা দেশেই। এ দেশে আসা রাষ্ট্রনায়কদের ভোজসভা হোক বা আম বাঙালির হেঁশেল— রাগি বিরাজ করছে সর্বত্রই। গুজরাত, রাজস্থান-সহ ভারতের উত্তর-পশ্চিম প্রান্তে জোয়ার, বাজরা, রাগি খাওয়ার যে চল এতদিন ছিল,তা এখন বাঙালির পাতেও দিব্যি শোভা পাচ্ছে। রাগির দোসা, রাগির চিল্লা থেকে রাগির স্যুপ— শস্যটি দিয়ে কী না রাঁধা হচ্ছে। প্রোটিন ও ফাইবারে ভরপুর রাগি দিয়ে এমন অনেক মুখরোচক রান্না করা যায়, যা দেখলেই জিভে জল আসবে। আটা বা ময়দার বিকল্প আসনে রাগিকে যাঁরা বসাতে পারেননি, তাঁরাও স্বাদ ও স্বাস্থ্য বজায় রাখতে রাগির কবাব চেটেপুটে খেয়ে নিতে পারেন।

Advertisement

রাজকীয় স্বাদের কুলফি থেকে শাহি কবাব— রাগি দিয়ে রাঁধা যায় অনেক কিছুই। এমন খাবার যা মনে ধরবে ছোটদেরও।

রাগি দিয়ে মুখরোচক কিছু পদ

Advertisement

রাগির শাহি কবাব

উপকরণ:

১০০ গ্রাম মিলেট

এক কাপের মতো গাজরকুচি, বিন, ফুলকপি, কড়াইশুঁটি

২টি মাঝারি মাপের আলু খোসা ছাড়িয়ে কুরিয়ে নেওয়া

১০০ গ্রাম পনির গ্রেট করে নেওয়া

১ চামচ ব্রেডক্রাম্ব

১ চামচ কর্ন ফ্লাওয়ার

১ চামচ আদা-কাঁচালঙ্কা বাটা

একমুঠো ধনেপাতা

আধ চামচ গরম মশলা

প্রয়োজন মতো ঘি

রাগির শাহি কবাব। ছবি: ফ্রিপিক।

প্রণালী:

রাগি ভাল করে সেদ্ধ করে জল ঝরিয়ে নিন। একটি পাত্রে ঘি গরম করে তাতে সমস্ত সব্জি ও আলু ভেজে নিন। এ বার তাতে রাগি, গ্রেট করা পনির, আদা-কাঁচালঙ্কা বাটা ও গুঁড়ো মশলা দিয়ে নাড়াচাড়া করুন। শুকনো হয়ে এলে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিন। হাতের তালুতে সামান্য তেল লাগিয়ে এই মিশ্রণ থেকে ছোট ছোট গোল কবাবের মতো গড়ে নিন। কবাবগুলি ব্রেডক্রাম্ব ও কর্নফ্লাওয়ারে মাখিয়ে কিছু ক্ষণ রাখুন। তার পর ২০০ ডিগ্রি সেন্টিগ্রেডে গ্রিল করে নিন।

রাগির কুলফি

উপকরণ:

৫০ গ্রামের মতো মিলেট

১ লিটার দুধ

২৫০ গ্রাম চিনি বা গুড়

আধ চামচ ছোট এলাচের গুঁড়ো

আধ কাপের মতো কাজুবাজাম, পেস্তার কুচি

এক চিমটে জাফরান

রাগির কুলফি। ছবি: ফ্রিপিক।

প্রণালী:

রাগি প্রথমে উষ্ণ জলে ভিজিয়ে রাখুন আধঘণ্টা। নরম হলে মিহি করে বেটে নিন। এ বার একটি পাত্রে কম আঁচে দুধ ভাল করে জ্বাল দিয়ে ঘন করে নিন। তাতে রাগির মিশ্রণ ঢেলে ভাল করে নাড়ুন। একে একে মেশান চিনি বা গুড়, কাজু-পেস্তা। জাফরান সামান্য দুধে গুলে এতে দিয়ে দিন। ভাল করে নেড়ে গ্যাস বন্ধ করে দিন। ঠান্ডা করে কুলফি মোল্ডে ঢেলে ফ্রিজে রেখে দিন।

রাগির কাটলেট

উপকরণ:

১ কাপ মিলেট

২টি মাঝারি মাপের সেদ্ধ আলু

এক কাপের মতো সব্জি (গাজর, বিন, ক্যাপসিকাম, কড়াইশুঁটি)

১ চামচ গরম মশলা

ধনেপাতা কুচি

রাগির কাটলেট। ছবি: ফ্রিপিক।

প্রণালী:

মিলেট সেদ্ধ করে নিন। কড়ায় সামান্য তেল দিয়ে সব্জিগুলি হালকা নেড়ে নিন। ভাপে সেদ্ধ হলে নামিয়ে নিন। এ বার রাগি ও সব্জি একসঙ্গে মেখে নিন। এতে গরম মশলা ও ধনেপাতাকুচি ছড়িয়ে দিন। এ বার কাটলেটের মতো চ্যাপ্টা বা লম্বা আকারে গড়ে নিন। প্যানে সামান্য তেল দিয়ে দু’পিঠ ভেজে নিন। এয়ার ফ্রায়ারে করতে পারেন রান্নাটি। এয়ার ফ্রায়ার ১৯০ ডিগ্রি সেন্টিগ্রেডে প্রি-হিট করে নিয়ে ১৫ মিনিটের মতো ফ্রাই করতে হবে। মাঝে একবার উল্টে দিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement