Supplement Toxicity

দিনে ৩৫টা ট্যাবলেট! কিম কার্দাশিয়ানের মতো সাপ্লিমেন্ট খেতে থাকলে শরীরের কী হাল হবে?

ফিট ও চনমনে থাকতে দিনে অন্তত ৩৫ রকম সাপ্লিমেন্ট খান আমেরিকার টিভি তারকা ও উদ্যোক্তা কিম কার্দাশিয়ান। সারাদিনে এতগুলো সাপ্লিমেন্ট খাওয়া কি নিরাপদ?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ১১:৪৩
Share:

যৌবন ধরে রাখতে কিমের মতো মুঠো মুঠো সাপ্লিমেন্ট খাওয়া কি ভাল? ফাইল চিত্র।

আমেরিকার ফ্যাশন আইকন হিসেবে যতটা না বিখ্যাত, তার চেয়ে বেশি পরিচিত যৌবন ধরে রাখার নানা থেরাপি প্রয়োগের জন্য। যৌবন ধরে রাখতে এমন কোনও থেরাপি বা সাপ্লিমেন্ট নেই, যা তিনি নিজের উপর প্রয়োগ করেননি। কখনও নিজের শরীরে রক্ত নিয়ে ভ্যাম্পায়ার ফেশিয়াল করেন, তো কখনও মৌমাছির হুল ফুটিয়ে ত্বকের তারুণ্য ধরে রাখার চেষ্টা করেন। বয়স ধরে রাখার জন্য তিনি সব কিছুই করতে পারেন বলেও জানিয়েছেন। সম্প্রতি এক পডকাস্টে এসে কিম জানিয়েছেন, সুস্থ ও চনমনে থাকতে ও চেহারায় লাবণ্য ধরে রাখতে দিনে অন্তত ৩৫ রকম সাপ্লিমেন্ট খান তিনি। আর এ জন্যই তিনি ওষুধে আসক্ত হয়ে পড়েছেন। সাপ্লিমেন্ট শরীরের প্রয়োজন বুঝে নেওয়া ভাল, তবে দিনে এতগুলি সাপ্লিমেন্ট নেওয়া কি নিরাপদ?

Advertisement

সাপ্লিমেন্ট কখনওই সুষম ও পুষ্টিকর খাবারের বিকল্প হতে পারে না। শরীরে কোনও নির্দিষ্ট উপাদানের ঘাটতি থাকলে বা কোনও রোগ নিরাময়ের সহায়তার জন্য চিকিৎসকরা সাপ্লিমেন্ট দেন। এ বিষয়ে দেশের ন্যাশনাল ইনস্টিটিট অফ হেল্‌থ থেকে প্রকাশিত এক গবেষণাপত্রে লেখা হয়েছে, অতিরিক্ত সাপ্লিমেন্ট নিতে থাকলে শরীরে ক্লান্তি বাড়বে। মারাত্মক ক্ষতি হবে হার্ট, লিভার ও কিডনির। কিম জানিয়েছেন তিনি ট্যাবলেট খেতে খেতে ‘পিল ফ্যাটিগ’-এ ভুগছেন। আসক্তি এমনই যে, ওষুধ না খেলে শরীরে অস্বস্তি হচ্ছে, আবার বেশি খেয়ে ফেললেও ক্লান্তি ও ঝিমুনি গ্রাস করছে।

অধিক সাপ্লিমেন্টে বিপদ

Advertisement

ভিটামিন সাপ্লিমেন্ট যেমন ভিটামিন সি ও ভিটামিন বি জলে দ্রবণীয়, এগুলিতে ক্ষতি কম হয়। বাকি ভিটামিন এ, ডি, ই ও কে স্নেহপদার্থে দ্রবণীয়, যেগুলি বেশি খেয়ে ফেললে শরীর থেকে বেরিয়ে যেতে পারে না। লিভারে জমা হতে থাকে। অতিরিক্ত ভিটামিন এ সাপ্লিমেন্ট লিভারের ক্ষতি করে, অধিক ভিটামিন ডি রক্তে ক্যালশিয়ামের মাত্রা বাড়িয়ে দেয়, যা থেকে কিডনিতে পাথর জমার প্রবণতা বাড়ে।

ম্যাগনেশিয়াম সাপ্লিমেন্ট কখনওই নিজে থেকে খাওয়া উচিত নয়। কারণ গ্লাইসিনেট নামক উপাদানটি হজম হতে সময় লাগে। এটি বেশি পরিমাণে শরীরে জমা হলে, পেটের সমস্যা, ডায়েরিয়া হতে পারে।

আয়রন সাপ্লিমেন্ট অনেকেই খেয়ে থাকেন। অতিরিক্ত আয়রন শরীরের জন্য ভাল নয়। বেশি মাত্রায় আয়রন সাপ্লিমেন্ট শরীরে ঢুকলে তার থেকে হার্ট ও লিভারের ক্ষতি হতে পারে। বিশেষ করে ছোটদের ক্ষেত্রে আয়রনের অতিরিক্ত মাত্রা বিষক্রিয়ার কারণও হয়ে উঠতে পারে।

হাড়ের জোর বাড়ায় ক্যালশিয়াম। আর্থ্রারাইটিস, অস্টিয়োপোরসিসের মতো বাতের ব্যথা-বেদনা হলে ক্যালশিয়াম বেশি করে খেতে বলেন চিকিৎসকেরা। কিন্তু ক্যালশিয়াম ট্যাবলেট মুঠো মুঠো খেলে তার থেকে হার্টের রোগ হতে পারে।

অনেকেই রক্ত পাতলা হওয়ার ওষুধ খান, সে সঙ্গে যদি অতিরিক্ত ভিটামিন কে সাপ্লিমেন্ট নিতে থাকেন, তা হলে ব্রেন স্ট্রোক বা শরীরের নানা জায়গায় রক্ত জমাট বাঁধার ঝুঁকি বহুগুণে বেড়ে যাবে।

প্রতি দিন শাকসব্জি, ফলমূল, নানা ধরনের বাদাম, দুধ ও প্রোটিন সমৃদ্ধ সুষম খাবার খেলে বেশি সাপ্লিমেন্ট নেওয়ার প্রয়োজন নেই। চিকিৎসকেরা জানাচ্ছেন, মাল্টিভিটামিন বা ভিটামিন ডি চিকিৎসকের পরামর্শে নেওয়া যেতে পারে, তবে এর বেশি সাপ্লিমেন্ট নিজে থেকে না খাওয়াই ভাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement