Memory Loss

স্মৃতিশক্তিতে মরচে পড়ছে? নিয়ম করে একটি শরীরচর্চা করলেই বুদ্ধির ধার বৃদ্ধি পাবে

ভুলে যাওয়া এখন আর বয়স্কদের রোগ নয়, অল্পবয়সিদেরও ভাবাতে শুরু করেছে এই সমস্যা। আর এই সমস্যার সঙ্গে লড়াই করার হাতিয়ার হতে পারে ব্যায়াম। না, এ ক্ষেত্রে মস্ত‌িষ্কের ব্যায়াম নয়, করতে হবে শারীরিক ব্যায়ামই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৬ ১৭:৪৭
Share:

কোন ব্যায়াম করলে বাড়বে স্মৃতিশক্তি? ছবি: সংগৃহীত।

মগজাস্ত্রে কি মরচে পড়ছে? কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে মন যা চাইছে, তা-ই পেয়ে যাচ্ছেন হাতের মুঠোয়। মাথা ঘামানোর আর বিশেষ প্রয়োজন পড়ছে না। যন্ত্রের উপর ভরসা যত বাড়ছে, ততই ধুলো জমছে মস্তিষ্কে। বাড়ির ছোট ছোট কাজ হোক বা প্রিয়জনকে দেওয়া কথা রাখা— কিছুই মনে রাখতে পারছেন না ঠিকঠাক। ভুলে যাওয়া এখন আর বয়স্কদের রোগ নয়, অল্পবয়সিদেরও ভাবাতে শুরু করেছে এই সমস্যা। আর এই সমস্যার সঙ্গে লড়াই করার হাতিয়ার হতে পারে ব্যায়াম। না, এ ক্ষেত্রে মস্ত‌িষ্কের ব্যায়াম নয়, করতে হবে শারীরিক ব্যায়াম।

Advertisement

বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে নিয়ম করে হাই ইনটেনসিটি ইন্টারভাল ট্রেনিং বা এইচআইআইটি শারীরিক ক্ষমতা তো বাড়ায়ই, তার পাশাপাশি মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করতে এবং স্মৃতিশক্তি্র উন্নতিতেও সাহায্য করে। অল্প ব্যবধান রেখে দ্রুত গতির শরীরচর্চার নামই এইচআইআইটি। কম সময়ের মধ্যে এই শরীরচর্চায় দারুণ ফল পাওয়া যায়। এই শরীরচর্চার মাধ্যমে হৃদ্‌যন্ত্রের সমস্যা তো কমেই, পেশিও শক্তিশালী হয়, নিয়ন্ত্রণে থাকে উচ্চ রক্তচাপ।

কী ভাবে করবেন?

Advertisement

এইচআইআইটি করার জন্য লাগবে একটি যোগব্যায়াম আসন। বেশ কয়েকটি প্রচলিত শরীরচর্চাই যে আসলে এইচআইআইটি, সেটা অনেকেই জানেন না। যেমন জাম্পিং জ্যাক, জাম্প স্কোয়াট, মাউন্টেন ক্লাইম্বিং, বারপি। এছাড়াও আরও অনেক ফ্লোর-কার্ডিও রযেছে যেগুলি করতে পারেন। ধরা যাক, ১৫ মিনিট শরীরচর্চা করবেন। তার মধ্যে ৫ মিনিট করে ৩টে এইচআইআইটি এক্সারসাইজ় করবেন। ৫ মিনিটে একটি ব্যায়ামের সেটের মধ্যে যদি দুটো করে এক্সারসাইজ় করা হয়, তাহলে সেই দুটো এক্সারসাইজে়র মধ্যে ধরা যাক ১০ বা ১৫ সেকেন্ডের নামমাত্র বিরতি নিলেন। বিরতি নিয়েই পরেরটি শুরু করে দিলেন। তার পরের এইচআইআইটি ব্যায়ামটি শুরু করার আগে আবার ১০ সেকেন্ডের বিরতি নিন। এই ভাবেই কম সময়ে আপনি বেশ কয়েকটি কার্ডিয়ো করে ফেলতে পারেন।

কেন করবেন?

এতে কম সময়েই অনেক বেশি ক্যালোরি ঝরানো সম্ভব। সাধারণ ব্যায়ামের অনুপাতে প্রায় ২৫-৩০ শতাংশ বেশি ক্যালোরি খরচ হয় এইচআইআইটি-তে। অত্যন্ত কম সময়ে শরীর থেকে মেদ ঝরাতেও এর জুড়ি মেলা ভার। তাই যাঁরা খুব কম সময়ে ওজন কমাতে চান, তাঁদের জন্য আদর্শ এই এইচএইচআইটি এক্সারসাইজ়। শরীরে অক্সিজেন গ্রহণের ক্ষমতা বাড়ায় এইচআইআইটি।

সতর্ক থাকুন

তবে যদি কারও হৃদ্‌যন্ত্রে সমস্যা থাকে, তাহলে এইচআইআইটি করা থেকে বিরত থাকাই ভাল। কেউ যদি সম্প্রতি কোনও গুরুতর চোট পেয়ে থাকেন, তা হলে এখনই এই এক্সারসাইজ় করবেন না। প্রথম ট্রেনিং শুরু করার আগে এক বার চিকিৎসক ও ট্রেনারের সঙ্গে কথা বলে নিলে ভাল করবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement