Healthy Breakfast Tips

প্রোটিন না কি ফাইবার, শরীর চাঙ্গা রাখতে প্রাতরাশে কোনটির উপর বেশি গুরুত্ব দেবেন?

প্রাতরাশে প্রোটিনকে বেশি গুরুত্ব দেবেন, না কি ফাইবারকে, সেটাই অনেকে বুঝতে পারেন না। পেশির শক্তি বৃদ্ধি করতে, বিপাকহার বৃদ্ধি করতে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে যেমন প্রোটিন জরুরি, তেমনই পেটের সমস্যা নিয়ন্ত্রণে রাখতে এবং ভাল হজমের জন্য ফাইবারও খেতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুন ২০২৬ ১৫:১৫
Share:

সকালে প্রোটিন বেশি খাবেন, না কি ফাইবার? ছবি: এআই সহায়তায় তৈরি।

রোজের ডায়েটে কার্বোহাইড্রেটের মাত্রা কমানোর পরামর্শ দেন পুষ্টিবিদেরা। কার্বোহাইড্রেট কম খেলেও চলবে, কিন্তু পরিমাণমতো প্রোটিন এবং ফাইবার না খেলে শরীরে বাসা বাঁধবে হাজার রকম সমস্যা। অনেকেরই ভারী প্রাতরাশ করার অভ্যাস। প্রাতরাশে প্রোটিনকে বেশি গুরুত্ব দেবেন না কি ফাইবারকে, সেটাই অনেকে বুঝতে পারেন না। পেশির শক্তি বৃদ্ধি করতে, বিপাকহার বৃদ্ধি করতে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে যেমন প্রোটিন জরুরি, তেমনই পেটের সমস্যা নিয়ন্ত্রণে রাখতে এবং ভাল হজমের জন্য ফাইবারও খেতে হবে।

Advertisement

নাগপুর নিবাসী পুষ্টিবিদ মঞ্জিরা চন্দের মতে, ফিট থাকার জন্য প্রাতরাশ যেমন গুরুত্বপূর্ণ, তেমনই প্রাতরাশে প্রোটিন আর ফাইবার রাখাও ভীষণ জরুরি। মঞ্জিরা বলেন, ‘‘প্রাতরাশে প্রোটিন আর ফাইবার, দুটিকেই সমান গুরুত্ব দিতে হবে। দৈনিক পুষ্টির চাহিদা পূরণে প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তেমনই ফাইবারের প্রতিও সমান মনোযোগ দেওয়া উচিত। পরিপাকতন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি করতে এবং দীর্ঘ ক্ষণ পেট ভর্তি রাখতে সাহায্য করে ফাইবার।’’

প্রাতরাশে ফাইবার আর প্রোটিন দুই-ই পেতে পারেন, এমন একটি খাবার হল ওট্স। রোজের ডায়েটে বিভিন্ন ভাবে ওট্‌স রাখা যেতেই পারে। ওট্‌স ডায়াবেটিক রোগীরাও রোজের ডায়েটে রাখতে পারেন। হার্টের রোগীর জন্য ওট্‌স ভাল। এই খাবার খেলে পেট অনেক ক্ষণ ভর্তি থাকে। তাই প্রাতরাশে এই খাবারটি একটি ভাল বিকল্প বলেই মনে করেন মঞ্জিরা।

Advertisement

কত ধরনের ওট্‌স পাওয়া যায়?

হোল ওট্স: ফাইবারের পরিমাণ বেশি, পুষ্টিগুণে এগিয়ে। তবে রান্না হতে সময় লাগে।

স্টিল-কাট ওট্‌স: ভাল মাত্রায় ফাইবার আছে। রাঁধতে বেশি সময় লাগে না।

রোল্‌ড ওট্‌স: আকারে অনেকটাই ছোট। আরও কম সময় রান্না হয়ে যায়।

ইনস্ট্যান্ট ওট্স: এই ধরনের ওট্‌সে নানা রকম মশলা মেশানোই থাকে। এই ওট্স না খাওয়াই ভাল, প্যাকেটজাত বলে এতে নানা প্রকার রাসায়নিকও মেশানো থাকে, যা শরীরের জন্য ভাল নয়।

ওট্‌স কেনার আগে কী কী মাথায় রাখবেন?

ওট্‌স কেনার আগে কয়েকটি জিনিস দেখে নেওয়া দরকার। কোনও রকম রাসায়নিক মেশানো আছে কি না দেখে নিতে হবে। কৃত্রিম স্বাদ, বর্ণ, গন্ধযুক্ত ওট্‌স না কেনাই ভাল। খুব বেশি প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেলে ওট্‌সে ফাইবার, ভিটামিন, খনিজগুলি নষ্ট হয়ে যায়। সে দিক থেকে বিচার করলে হোল ওট্স স্বাস্থ্যগুণে সবচেয়ে এগিয়ে।

ওট্‌স খাওয়ার আগে কী কী মাথায় রাখবেন?

তবে স্বাস্থ্যকর বলেই অতিরিক্ত ওট্‌স খেয়ে ফেললে কিন্তু মুশকিল। অনেকের ওট্‌স হজম হয় না, তাঁরা ওট্‌স সারা রাত ভিজিয়ে রেখে তার পর খান, উপকার পাবেন। চিনি মিশিয়ে ওট্স খেলে উপকারের থেকে অপকারই বেশি হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement