কোন ভুলে মাথায় বাড়ছে পাকা চুলের সংখ্যা? ছবি: সংগৃহীত।
বয়স হলে সাদা হবে চুল। বার্ধক্যের মতো এটাও অনিবার্য। ইদানীং আবার অল্প বয়সে চুলে পাক ধরতে শুরু করেছে অনেকেরই। পাকা চুল এখন আর বয়স বেড়ে যাওয়ার লক্ষণ নয়। অল্প বয়সেই চুলের ফাঁক দিয়ে উঁকি মারতে পারে সাদা চুল। এক বার চুলে পাক ধরতে শুরু করলে তা স্বাভাবিক ভাবে কখনও কালো হয় না। তা ছাড়া এক বার চুল পাকতে শুরু করলে খুব দ্রুত মাথার বাকি অংশও সাদা হতে থাকে। জিনগত কারণে বা শারীরিক সমস্যার কারণে অল্প বয়সে চুল পাকতেই পারে। এ ছাড়াও রোজের জীবনে কোন কোন ভুল পাকা চুলের সমস্যা বাড়িয়ে দিতে পারে? এই ভুলগুলি করছেন না তো?
১) নিয়মিত ধূমপান করার অভ্যাস থাকলেও সতর্ক হোন। এই অভ্যাসের কারণেও চুল পেকে যেতে পারে।
২) রাত জেগে ওয়েব সিরিজ় দেখার ফলে ঘুমের গোলমাল হচ্ছে? সকালে অফিসের তাড়ায় তাড়াতাড়ি উঠে পড়ছেন। ফলে ঘুম সম্পূর্ণ হচ্ছে কই? এই অভ্যাসের কারণেও কিন্তু চুলে পাক ধরতে পারে।
৩) শরীরে খনিজ ও ভিটামিনের অভাবে চুল পাকতে পারে। আয়োডিন, আয়রন, কপারের মতো খনিজ, ভিটামিন বি, ওমেগা ৩-এর মতো পুষ্টিগুণের অভাব হলে চুলে পাক ধরতে পারে। তাই রোজের ডায়েটে কাঠবাদাম, আখরোট, কুমড়োর বীজ রাখতে পারেন। এর পাশাপাশি বেশি করে মরসুমি ফল ও শাকসব্জি আর দুধ, দই খেতে হবে।
৪) সারা দিন অত্যধিক চাপের মধ্যে কাজ করেন? খুব বেশি মানসিক চাপ থাকলে শরীরে নোরপাইনফ্রাইন বলে এক ধরনের রসায়নিক তৈরি হয়। যার ফলে ফলিক্লগুলি ক্ষতিগ্রস্ত হয় এবং তাড়াতাড়ি চুল পেকে যায়। তাই মানসিক চাপ কমাতে নিয়ম করে যোগাভ্যাস করতে হবে। পাশাপাশি, কাজের ফাঁকে সময় বার করে মন ভাল রাখার জন্য বেড়াতে যাওয়া, গানবাজনা করা, গান শোনার মতো কাজগুলি করতে পারেন।
৫) চুলে লাল, নীল, সবুজ রং করতে ভালবাসেন? বেশির ভাগ চুলের রঙেই হাইড্রোজ়েন পারঅক্সাইড থাকে। এই রাসায়নিকটি কিন্তু চুলের পাক ধরার অন্যতম কারণ হতে পারে।