কী ভাবে বানাবেন সেই শরবত? ছবি: সংগৃহীত।
কোকাম ফলটিকে কেউ বলেন প্রাকৃতিক হজমি। কেউ আবার শরীর ঠান্ডা রাখতে এটি খান। আম, লিচু, জামের মতো জনপ্রিয় নয় বটে। পশ্চিমবঙ্গে সে ভাবে মেলেও না। তবে এর গুণ অনেক।পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে জন্মায় কোকাম। সেই কোকামই হতে পারে গরমের দাওয়াই।
অনলাইন বাজারের দৌলতে শুকনো কোকাম বা কোকামের নির্যাস দিয়ে তৈরি সিরাপ পাওয়া মোটেই কঠিন নয়। হাঁসফাঁস করা গরমে তা দিয়েই হতে পারে শরবত। এই টক মিষ্টি শরবত শুধু পেট ঠান্ডা রাখবে না, বরং ভরপেট খাওয়ার পরে তা পান করলে কমবে বদহজমের সমস্যা।
কোকামের গুণ অনেক।হজমশক্তি বৃদ্ধিতে, ওজন নিয়্ন্ত্রণে, ত্বকের জেল্লা ফেরাতে এবং শরীর ঠান্ডা রাখতে তা কাজে আসে। এতে মেলে হাইড্রক্সি সাইট্রিক অ্যাসিড যা খিদে কমায়, মেদ গলাতেও সাহায্য করে।ইনফ্ল্যামেটরি বাওয়েল সিন্ড্রোম বা পেটের বিশেষ অসুখ নিয়ন্ত্রণেও সাহায্য করে ফলটি। প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট, অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান রয়েছে এতে। গরমে শরীর ঠান্ডা রাখতেও এটি সহায়ক।
কোকাম দিয়ে কী করে বানাবেন শরবত?
আধ কাপ শুকনো কোকাম এক কাপ গরম জলে ভিজিয়ে রাখুন অন্তত ৩ ঘণ্টা। ধীরে ধীরে ফল নরম হবে। জলের রং বেগনি হয়ে যাবে। ফল-সহ জল মিক্সারে ঢেলে গুড় ও সামান্য সৈন্ধব লবণ মিশিয়ে নিন। মিক্সারে ঘুরিয়ে বরফ যোগ করুন। ঠান্ডা কোকাম শরবতে চুমুক দিলেই শরীর তরতাজা লাগবে।