রক সল্ট কী ভাবে উপকার করে? ছবি: সংগৃহীত।
নুন ছাড়া রান্নার কথা ভাবাই যায় না। তবে সাধারণ সাদা নুনের পাশাপাশি এখন অনেকেই রক সল্ট ব্যবহার করছে স্বাস্থ্যগুণের জন্য। এই প্রাকৃতিক নুনের বেশ কিছু সম্ভাব্য উপকারের কথা বলা হয় চিকিৎসা বিজ্ঞানে। রক সল্ট মূলত খনিজ নুন, যা পাহাড়ি শিলা থেকে পাওয়া যায়। এতে সোডিয়াম ক্লোরাইডের পাশাপাশি পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ়, জ়িঙ্কের মতো বিভিন্ন খনিজও আণবিক স্তরে থাকতে পারে। এই খনিজগুলিই শরীরের নানা কাজে সাহায্য করে বলে মনে করা হয়।
রক সল্টের উপকারিতা। ছবি: সংগৃহীত
পুষ্টিবিদ অনন্যা ভৌমিকও রক সল্টের প্রশংসায় পঞ্চমুখ। তাঁর মতে, এই সমস্ত উপাদান স্নায়ুর সঙ্কেত পাঠানোর কাজকে আরও সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে সাহায্য করে। পাশাপাশি, পেশির সঙ্কোচন-প্রসারণের কাজেও সাহায্য করে এবং হাড়ের স্বাস্থ্যরক্ষা করে। রক সল্ট সাধারণত অপরিশোধিত এবং ন্যূনতম প্রক্রিয়াজাত। তাই রক সল্টকে অনেকেই নুনের প্রাকৃতিক বিকল্প হিসেবে পছন্দ করেন। তবে পুষ্টিবিদ জানাচ্ছেন, রক সল্টকে পুষ্টির প্রাথমিক উৎস হিসাবে বিবেচনা করা যায় না, কারণ এই খনিজগুলি খুবই সামান্য পরিমাণে পাওয়া যায় নুনে।
পুষ্টিবিদ জানাচ্ছেন, হজমের সমস্যায় অনেক সময়ে ঘরোয়া টোটকা হিসেবে রক সল্ট ব্যবহার করা হয়। এটি খিদে বাড়াতে সাহায্য করে এবং পেটফাঁপা, অম্বল বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যায় কিছুটা স্বস্তি দিতে পারে বলে মনে করা হয়। লালাগ্রন্থিকে উত্তেজিত করে লালারস নিঃসরণে সাহায্য করে বলে দ্রুত হজম হয় খাবার। রক সল্ট শরীরের বিপাকক্রিয়া সক্রিয় রাখতে সাহায্য করে। এতে থাকা বিভিন্ন খনিজ উপাদান শরীরে পুষ্টি শোষণ এবং ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করতে পারে।
তবে পুষ্টি উপাদান এতই কম থাকে যে গুণগুলি অতটাও স্পষ্ট নয় সব ক্ষেত্রে। পাশাপাশি, রক সল্টকে সাধারণ নুনের তুলনায় অনেক বেশি উপকারী বললেও অত্যুক্তি হয়। এর দানাগুলি বড় এবং কম ঘন বলে সোডিয়ামের পরিমাণ কম থাকে। কিন্তু এই নুন কেবল খাওয়ার জন্য নয়, বরং ঘরোয়া অন্যান্য টোটকা হিসেবেও ব্যবহৃত হয়। ত্বকের এক্সফোলিয়েশন বা ইনহেলর হিসেবেও ব্যবহার করেন অনেকে।