Healthy Tiffin Recipes

চটপটা টিফিনে হবে স্বাদবদল, ফল-সব্জি ও দই দিয়ে বানিয়ে ফেলুন হরেক স্বাদের পুষ্টিকর চাট

চাট খেতে কার না ভাল লাগে। তবে দোকান থেকে কেনা পাপড়ি, ঝাল লঙ্কার গুঁড়ো বা একগাদা মশলা দেওয়া চাট খেলে পেটের সমস্যা হবেই। তাই মুখরোচক চাট বানিয়ে নিন স্বাস্থ্যকর উপায়েই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুন ২০২৬ ১৩:৫১
Share:

চটপটা স্বাদের নানা রকম চাট, পাপড়ি ছাড়াই বানান স্বাস্থ্যকর উপায়ে। ছবি: এআই সহায়তায় প্রণীত।

রোজকার একঘেয়ে টিফিনে নতুনত্ব চাইছেন। স্বাদবদলে মুখরোচক চাটই ভাল বিকল্প হতে পারে। চাট মানেই একগাদা পাপড়ি, তেঁতুলজল বা মশলা দিয়ে বানাতে হবে তা নয়। ঘরে থাকা দই, সব্জি বা নানা রকম ফল দিয়েও চটপটা স্বাদের চাট বানানো যায়। ছোটদের টিফিনেও তা দিতে পারেন। রইল নানা স্বাদের চাট তৈরির কিছু প্রণালী।

Advertisement

আনারস ও রোস্টেড মাখনা চাট

মাখানা প্রোটিন ও ফাইবারে ভরপুর। এর সঙ্গে আনারসের টক-মিষ্টি স্বাদ মিশলে খেতে ভাল লাগবে। এক কাপের মতো আনারস ছোট টুকরো করে কেটে ধুয়ে নুন ও চাটমশলা মাখিয়ে রাখুন। ১ কাপের মতো মাখানা সামান্য ঘি-তে ভেজে নিন। পরিবেশনের সময়ে আগে আনারস সাজিয়ে তার উপরে রোস্টেড মাখানা দিয়ে আরও খানিকটা চাটমশলা, লেবুর রস ও গোলমরিচ ছড়িয়ে দিন। চাইলে এই চাটে বেদানা, আঙুরও মেশাতে পারেন।

Advertisement

কম মশলা দিয়ে নানা রকম ফল ও সব্জি দিয়েও বানানো যায় চটপটা স্বাদের চাট।

ব্রকোলি-বেবি কর্নের চাট

ছোটরা অনেক সময়ে ব্রকোলি খেতে চায় না। তবে ব্রকোলিতে ভরপুর মাত্রায় ভিটামিন ও অ্যান্টি-অক্সিড্যান্ট আছে যা শরীরের জন্য ভাল। এই চাট বানাতে এক কাপের মতো ব্রকোলি ছোট টুকরো করে কেটে নুন দিয়ে সেদ্ধ করে নিন। বেবি কর্নও ১ কাপের মতো নিয়ে হালকা ভাপিয়ে নিন। এ বার প্যানে সামান্য অলিভ অয়েল বা মাখন গরম করে রসুনকুচি দিন। সুন্দর গন্ধ বেরোলে হালকা ভাপানো বেবি কর্ন ও সেদ্ধ ব্রকোলি দিয়ে নাড়াচাড়া করুন। নামিয়ে নিয়ে গোলমরিচগুঁড়ো, নুন ও লেবুর রস মাখিয়ে নিন। চাইলে এতে গাজরকুচি বা ক্যাপশিকামও মেশাতে পারেন।

পাপড়ি ছাড়াই বানানো যাবে মুখরোচক চাট।

দই-বিটের চটপটা চাট

বিট সেদ্ধ বা তরকারি খেতে অনেকেই ভালবাসেন না। কিন্তু বিট দিয়ে চাট বানালে তা খেতে ভাল লাগবে। বিটে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিড্যান্ট আছে যা শরীরের জন্য ভাল। বিট খেলে রক্তচাপের সমস্যাও কমে। ছোট কিউব করে বিট কেটে নিন। তা হালকা ভাপিয়ে নিন। প্রথমে সেদ্ধ বিটের টুকরোগুলি রাখুন। উপর থেকে ফেটানো টক দই ঢেলে দিন। এ বার তেঁতুলের মিষ্টি চাটনি, চাটমশলা এবং ভাজা লঙ্কা-জিরের গুঁড়ো ছড়িয়ে দিন। খাওয়ার সময়ে সামান্য ঝুড়িভাজা উপর থেকে ছড়িয়ে দিতে পারেন।

তন্দুরি পনির চাট

ক্যালোরি বৃদ্ধি করতে চান না, অথচ মুখরোচক কিছু খেতে ইচ্ছে হলে তন্দুরি পনিরের চাট বানিয়ে নিতে পারেন। ১ কাপের মতো পনির ছোট ছোট কিউব করে কেটে নিন। তাতে তন্দুরি মশলা ও নুন মাখিয়ে ১০ মিনিট রাখুন। এ বার নন-স্টিক প্যানে সামান্য তেল ব্রাশ করে পনিরের টুকরো, পেঁয়াজ ও ক্যাপসিকাম দিয়ে হালকা গ্রিল করে নিন। নামানোর আগে ছড়িয়ে দিন সামান্য কসুরি মেথি। লেবুর রস ছড়িয়ে পরিবেশন করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement