Yoga Poses

গ্যাস-অম্বলে কাবু, বাড়ছে লিভারের অসুখও, ওষুধের পাশাপাশি এক বিশেষ আসন অভ্যাসে রোগ সারবে চিরতরে

গ্যাস-অম্বলের জন্য যে দায়ী শুধু ভাজাভুজি, তা কিন্তু নয়। শরীরের অন্যান্য সমস্যার কারণেও এমন হতে পারে। কারণ যা-ই হোক, অম্বল বা গ্যাসের সমস্যা সহজে সারতে চায় না। কেবল ওষুধ খেয়ে লাভ হয় না। তবে যোগাসনের এক বিশেষ পদ্ধতি আছে, যা অভ্যাস করলে অম্বল বা গ্যাসের সমস্যার নিরাময় সম্ভব।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মে ২০২৬ ০৯:০৯
Share:

সারবে লিভারের রোগ, অম্বলও, কোন আসন অভ্যাস করবেন? চিত্রাঙ্কন: শৌভিক দেবনাথ।

অম্বলের সমস্যা বাঙালির রোজের জীবনের অঙ্গ। কিছু মুখে তুললেই হয় পেট ফাঁপে, নয়তো বমি হয়। ভাজাভুজি খেলেই মূলত এই ধরনের সমস্যা বেশি হয়। তবে গ্যাস-অম্বলের সমস্যা যাঁদের দীর্ঘ দিনের, বাড়ির খাবার খেয়েও তাঁরা বিপাকে পড়েন। গ্যাস-অম্বল বেশি হয় মূলত দু’টি কারণে। প্রথমত, খাদ্যাভ্যাসে ত্রুটির কারণে অতিরিক্ত অ্যাসিড নিঃসরণ। দ্বিতীয়ত খাদ্যনালি এবং পাকস্থলীর সংযোগস্থলে কোনও গঠনগত ত্রুটি। এতে পাকস্থলীতে নিঃসৃত অ্যাসিড উপরে উঠে আসে এবং অম্বল অনুভূত হয়। এই সমস্যার নিরাময় করতে হলে হয় ওষুধ খেয়ে যেতে হয়, না হলে অস্ত্রোপচার ছাড়া গতি থাকে না। তবে যোগাসন নিয়মিত অভ্যাস করতে পারল, অম্বল বা গ্যাসের সমস্যা তো বটেই, লিভারের জটিল রোগও সারানো সম্ভব।

Advertisement

আপনাসন যোগব্যায়ামের এমন এক পদ্ধতি, যা পেটের সমস্যা দূর করতে পারে। লিভার ভাল রাখে। এমনকি এই আসন অভ্যাস করতে পারলে হার্টের রোগ হওয়ার ঝুঁকিও কমবে।

কী ভাবে করবেন?

Advertisement

১) প্রথমে টানটান হয়ে শুয়ে পড়ুন। দুই হাত দুই পাশে থাকবে।

২) শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক ভাবে নিতে হবে।

৩) শ্বাস নিতে নিতে দুই হাঁটু বুকে কাছে নিয়ে আসুন।

৪) দুই পা জোড়া করে রাখতে হবে।

৪) দুই হাত দিয়ে দুই পায়ের হাঁটু এমন ভাবে ধরে রাখতে হবে, যাতে পেটে চাপ পড়ে। আসনের ভঙ্গি হবে অনেকটা পবনমুক্তাসনের মতোই।

৫) এ বার ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আগের অবস্থায় ফিরে যান।

৬) ৫-১০ বার করে রোজ এই আসন অভ্যাস করুন।

উপকারিতা:

গ্যাস-অম্বল, বদহজমের সমস্যা থেকে রেহাই পাবেন।

অ্যাসিড রিফ্লাক্স ভোগালে এই আসন নিয়মিত অভ্যাসে ভাল ফল পেতে পারেন।

পেটের মেদ কমবে, ওজন ঝরাতেও আসনটি উপযোগী।

পিঠ-কোমরের ব্যথা থাকলে তা অনেক কমে যাবে।

পেট, তলপেট, পায়ের পেশি টানটান থাকবে।

কারা করবেন না?

হার্নিয়ার অস্ত্রোপচার হলে এই আসন না করাই ভাল।

মেরুদণ্ড ও নিতম্বে অস্ত্রোপচার হলেও এই আসন করা যাবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement