স্নায়ুর রোগের ঝুঁকি কমবে এক বিশেষ আসনে। চিত্রাঙ্কন: শৌভিক দেবনাথ।
যোগাসনের অতি প্রাচীন পদ্ধতি মেরু-পৃষ্ঠাসন। নিয়মিত অভ্যাস করলে মেরুদণ্ড শক্তপোক্ত থাকে। পেট ও পায়ের পেশি শক্তিশালী হয়। শুধু তা-ই নয়, এই আসন সঠিক নিয়মে অভ্যাস করতে পারলে স্নায়ুর জটিল রোগের ঝুঁকি থাকে না। মেদ কমাতেও অত্যন্ত কার্যকরী এই আসন। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও মেরু-পৃষ্ঠাসন অভ্যাস করার পরামর্শ দেন প্রশিক্ষকেরা।
মেরু-পৃষ্ঠাসন মূলত শরীরের উপরের দিকের অংশ বা মেরুদণ্ডে মোচড় দিয়ে করা হয়। এতে শরীরের ঊর্ধ্বাংশের পেশিরও ব্যায়াম হয়। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা শুধু নয়, এই আসনটি অভ্যাসে শরীরের গড়ন ভাল হয়, কাঁধ-কোমরের ব্যথা কমে যায়।
কী ভাবে করবেন?
১) ম্যাটের উপর দুই পায়ের মধ্যে কিছুটা ব্যবধান রেখে দাঁড়ান। পিঠ সোজা ও টানটান থাকবে।
২) গভীর ভাবে শ্বাস নিয়ে কনুই ভাঁজ করে হাতের আঙুল কাঁধে ঠেকান।
৩) এ বার ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে কোমর থেকে যতটা সম্ভব ডান দিকে ঘুরে যান। শরীর ঝুঁকে থাকবে।
৪) আবার শ্বাস টানতে টানতে শুরুর অবস্থানে ফিরে আসুন। একই পদ্ধতিতে বাঁ দিকে কোমর ঘুরিয়ে আসনটি করতে হবে।
৫) খেয়াল রাখবেন, কোমর ঘুরিয়ে দাঁড়ানোর সময় নিঃশ্বাস ছাড়তে হবে এবং সোজা হওয়ার সময় শ্বাস নিতে হবে।
উপকারিতা
১) পেট ও পায়ের পেশি টান টান থাকবে।
২) পেট ও ঊরুর মেদ ঝরবে।
৩) মেরুদণ্ড শক্তিশালী হবে।
৪) সারা শরীরে রক্ত সঞ্চালন সঠিক ভাবে হবে।
৫) হার্ট ও লিভার ভাল থাকবে।
৬) হজমশক্তি ভাল হবে। পেটের যাবতীয় সমস্যা দূর হবে।
৭) নিয়মিত অভ্যাস করলে প্রজনন ক্ষমতা আরও ভাল হবে।
৮) স্নায়ুর জটিল রোগের ঝুঁকি কমবে।
কারা করবেন না?
বাতের ব্যথা, হাঁটুতে আঘাত লাগলে বা অস্ত্রোপচার হলে এই আসন করা যাবে না।
অন্তঃসত্ত্বা অবস্থায় এই আসন একেবারেই অভ্যাস করার চেষ্টা করবেন না।
মেরুদণ্ডে অস্ত্রোপচার হলেও আসনটি করা যাবে না।