Supplement Overdose Symptoms

পুষ্টির ঘাটতি মেটাতে সাপ্লিমেন্ট খাচ্ছেন, অথচ ছোট্ট ভুলে বড় ক্ষতি হচ্ছে! কোন কোন উপসর্গে বুঝবেন

সাপ্লিমেন্টের অতিরিক্ত সেবনে স্বাস্থ্যে নানা রকমের সমস্যা শুরু হতে পারে। কোন উপাদানের উচ্চমাত্রা কী বিপদ ডেকে আনতে পারে, জেনে নিন। রইল তালিকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ১৫:৪৭
Share:

সাপ্লিমেন্টের অতিরিক্ত সেবনে স্বাস্থ্যে নানা সমস্যা। ছবি: সংগৃহীত।

স্বাস্থ্যসচেতনতার ধুম পড়েছে দেশে-বিদেশে। একই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সাপ্লিমেন্টের জনপ্রিয়তা। রোজের খাবার থেকে শরীরে যথেষ্ট পরিমাণে পুষ্টি পৌঁছোয় না বলে ভিটামিন ও খনিজের মাত্রা বৃদ্ধি করতে অনেকেই সাপ্লিমেন্টের উপর ভরসা করেন। কিন্তু সমস্যা হল, কেউ কেউ চিকিৎসকের পরামর্শের ধার ধারেন না। আর তার ভোগান্তি সহ্য করতে হয় শরীরকেই। সাপ্লিমেন্টের অতিরিক্ত সেবনে স্বাস্থ্যে নানা রকমের সমস্যা শুরু হতে পারে।

Advertisement

সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকে ফ্যাটে দ্রবণীয় ভিটামিনগুলি, যেমন ভিটামিন এ, ডি, ই এবং কে। এগুলি শরীরে জমে থাকে, ফলে মাত্রা অতিরিক্ত বেড়ে গেলে ধীরে ধীরে বিষক্রিয়ার মতো পরিস্থিতি তৈরি করতে পারে। পাশাপাশি ক্যালশিয়াম ও আয়রনও রয়েছে এই তালিকায়, যা বিপদ ডেকে আনতে পারে স্বাস্থ্যে।

সাপ্লিমেন্টের অতিরিক্ত সেবনে স্বাস্থ্যে নানা রকমের সমস্যা শুরু হতে পারে। ছবি: সংগৃহীত

কোন সাপ্লিমেন্ট অতিরিক্ত মাত্রায় খেলে কেমন প্রতিক্রিয়া দেখা দিতে পারে?

Advertisement

ভিটামিন ডি: শরীরে ভিটামিন ডি-র মাত্রা বেড়ে গেলে দেহে ক্যালশিয়াম শোষণের মাত্রাও বৃদ্ধি পেয়ে যায়। কিন্তু শরীর যতটা ক্যালশিয়াম গ্রহণ করতে পারে, তার থেকে বেশি পরিমাণে পৌঁছে যায় এই উপাদান। এই অতিরিক্ত ক্যালশিয়াম রক্তপ্রবাহে মিশে ধমনী, কিডনি ইত্যাদি জায়গায় গিয়ে জমা হয়। দীর্ঘ দিন এমন চললে কিডনি ও হৃদ্‌যন্ত্রেও প্রভাব পড়তে পারে। ভিটামিন ডি অতিরিক্ত হয়ে গেলে প্রথমেই দেখা দিতে পারে বমি ভাব, কোষ্ঠকাঠিন্য, দুর্বলতা বা অস্বাভাবিক পিপাসা পাওয়া অথবা বার বার প্রস্রাব পাওয়া।

ক্যালশিয়াম: ভিটামিন ডি এবং ম্যাগনেশিয়ামের মাত্রা পরীক্ষা না করে অতিরিক্ত ক্যালশিয়াম সাপ্লিমেন্ট নিতে শুরু করলেই বিপদ। এর ফলে শরীরে ক্যালশিয়ামের পরিমাণ বেড়ে গিয়ে নরম টিস্যুতে জমতে শুরু করতে পারে। ফলে কিডনিতে পাথর, অস্থিসন্ধিতে ব্যথা বা নানা অঙ্গে ক্ষতির আশঙ্কা তৈরি হয়।

সাপ্লিমেন্ট খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন। ছবি: সংগৃহীত

ভিটামিন ই: অতিরিক্ত ভিটামিন ই সাপ্লিমেন্ট গ্রহণ করেন? মনে রাখবেন, চিকিৎসকের পরামর্শ না মানলে শরীরে উল্টে প্রদাহ বাড়াতে পারে। পাশাপাশি, অক্সিডেটিভ স্ট্রেস বাড়তে পারে শরীরে।

ভিটামিন এ: ভিটামিন এ অতিরিক্ত হলে ত্বক শুষ্ক হয়ে যাওয়া, মাথাব্যথা, চুল পড়া বা লিভারের ক্ষতির মতো সমস্যা দেখা দিতে পারে। দীর্ঘ দিন উচ্চ মাত্রায় এই ভিটামিন শরীরে গেলে বিষক্রিয়াও হতে পারে।

আয়রন: রক্তপরীক্ষা করে আয়রনের মাত্রা না জেনেই অনেকে সাপ্লিমেন্ট খেতে থাকেন। অথচ, এই উপাদান শরীরে বেশি মাত্রায় বেড়ে গেলে একাধিক অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। পেটে ব্যথা, বমি, ক্লান্তি— এগুলি সতর্কবার্তা হতে পারে।

সবচেয়ে বড় ভুল হল, পরীক্ষা না করিয়ে বা চিকিৎসকের পরামর্শ ছাড়া নিয়মিত সাপ্লিমেন্ট খাওয়া। নিজের ইচ্ছেমতো সাপ্লিমেন্ট খেলেই যে শরীর ভাল থাকবে, তারও কোনও নিশ্চয়তা নেই। বরং স্বাস্থ্যে উল্টো প্রভাব পড়তে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement