Brown Rice Cake for Weight Loss

ব্রাউন রাইসের কেক! তা কি সত্যিই ওজন কমাতে সাহায্য করে? না কি স্বাস্থ্যসচেতনদের হইচই ভিত্তিহীন

দু’বেলা এক কাপ করে ভাত খাওয়ার দুঃখ অনেকে পুষিয়ে নিচ্ছেন ব্রাউন রাইস কেক খেয়ে। ডায়েট চার্টে স্বাস্থ্যকর স্ন্যাকস হিসাবেও একটু অন্য ধরনের ভাত থাকছে। কিন্তু প্রশ্ন হল, এই ভাতের কেক কি সত্যিই কার্যকর নাকি প্রচারে যা বলা হচ্ছে, আসলে ততটা নয়?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ ১৮:৪৪
Share:

মুচমুচে স্ন্যাকস খেয়ে কমবে ওজন? ছবি: এআই সহায়তায় প্রণীত।

ভাত খাবেন, জল খাবারে মুচমুচে খাবার খাবেন অথচ মোটা হবেন না। এমনই দু’দিক বজায় রাখা এক সুস্বাদু খাবার হিসাবে জনপ্রিয় হচ্ছে ‘ব্রাউন রাইস কেক’। যে খাবারের নাম শুনতেই লুফে নিয়েছেন ভাত খেতে ভালবাসা স্বাস্থ্য সচেতন মানুষ। বিশেষ করে তাঁরা যারা ওজন কমানোর জন্য দু’বেলার ভাতে রাশ টানতে হিমশিম খাচ্ছেন। ব্রাউন রাইসের ‘কেক’ তাঁদের আরামদায়ক খাবারের জোগান দিচ্ছে। দু’বেলা এক কাপ ভাত খাওয়ার দুঃখ তাঁরা পুষিয়ে নিচ্ছেন ডায়েট চার্টে স্বাস্থ্যকর স্ন্যাকস হিসাবেও একটু অন্য ধরনের ভাত রেখে। কিন্তু প্রশ্ন হল, এই ভাতের কেক কি সত্যিই কার্যকর নাকি প্রচারে যা বলা হচ্ছে, আসলে ততটা নয়?

Advertisement

ব্রাউন রাইস কেক কী?

মূলত গোটা ব্রাউন রাইসকে মুড়ি বা চালভাজার মতো করে ফুলিয়ে তৈরি করা একটি হালকা আর কুড়মুড়ে খাবার। এতে ক্যালোরি খুবই কম থাকে এবং এটি সাধারণত ফ্যাট-মুক্ত আর গ্লুটেন-মুক্ত হয়। ওজনে হালকা হওয়ায় অনেকেই একে পাউরুটি বা বিস্কুটের স্বাস্থ্যকর বিকল্প হিসাবে মনে করেন।

Advertisement

ওজন কমাতে পারার দাবি কি সত্যি না অতিশয়োক্তি?

পুষ্টিবিদদের মতে, ব্রাউন রাইস কেক ওজন কমাতে সাহায্য করতে পারে, তবে কিছু শর্ত সাপেক্ষে। এর প্রধান সুবিধা হলো এর লো-ক্যালোরি। একটি রাইস কেকে সাধারণত ৩৫-৬০ ক্যালোরি থাকে, যা একটি সাধারণ বিস্কুট বা পাউরুটির স্লাইসের চেয়ে অনেক কম। কিন্তু কেবল কম ক্যালোরি হলেই তো সব হয় না। ওজন কমানোর ক্ষেত্রে আরও কিছু বিষয়ে নজর দেওয়া জরুরি। আর সেই হিসাবে দেখলে এর কিছু সীমাবদ্ধতাও রয়েছে।

Advertisement

১. এতে প্রোটিন ও ফাইবারের পরিমাণ খুব কম থাকে। ফলে এটি খাওয়ার পরে ইনসুলিন স্পাইক হয়ে কিছু ক্ষণের মধ্যেই আবার খিদে পেয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।

২. এর গ্লাইসেমিক ইনডেক্স কিছুটা বেশি হওয়ায় এটি রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দিতে পারে, যা বার বার খাওয়ার প্রবণতা তৈরি করে।

৩. এই ধরনের শুকনো খাবার শরীরের গ্যাসের মাত্রা বৃদ্ধি করতে পারে। তাতে দীর্ঘ ক্ষণ পেট ভারী হয়ে থাকতে পারে।

কী ভাবে খাওয়া উচিত?

ব্রাউন রাইস কেক যদি সকালের বা বিকেলের জলখাবার হিসেবে খেতে চান, তবে বিশেষজ্ঞরা শুধু এটি না খেয়ে এর সঙ্গে ফাইবার বা স্বাস্থ্যকর প্রোটিন এবং ফ্যাট রাখতে বলছেন। যেমন—

১. রাইস কেকের ওপর পিনাট বাটার বা আমন্ড বাটার লাগিয়ে খাওয়া যেতে পারে।

২. একটি সেদ্ধ ডিমের স্লাইস বা অ্যাভোকাডো পেস্ট যোগ করা যেতে পারে।

৩. অল্প পনির বা দইয়ের সঙ্গেও সব্জি দিয়ে খাওয়া যেতে পারে।

মোট কথা, ব্রাউন রাইস কেক খেলেই ওজন ঝরঝরিয়ে কমে যাবে, এমন নয়। তবে সুস্বাদু এই খাবারকে যদি সুকৌশলে ডায়েট চার্টে রাখা যায়, প্রোটিন ও ফ্যাট সহযোগে পরিমিত পরিমাণে খাওয়া যায়, তবে এটি একটি স্বাস্থ্যকর ডায়েট চার্টের অঙ্গ হতেই পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement