Diabetes Shoulder Symptoms

কাঁধে ব্যথায় কষ্ট পাচ্ছেন, আড়ষ্ট হয়ে যাচ্ছে অস্থিসন্ধি! নেপথ্যে ডায়াবিটিসের সমস্যা নয় তো?

ডায়াবিটিসের রোগীদের ক্ষেত্রে কাঁধে ব্যথা হওয়াটা খুবই সাধারণ ঘটনা। এটাকে মেডিক্যালি ‘ফ্রোজ়েন শোল্ডার’ও বলা হয়। ডায়াবিটিসের রোগীরা কী ভাবে সতর্ক থাকবেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মে ২০২৬ ১৫:০৮
Share:

ডায়াবিটিসের সঙ্গে কাঁধের ব্যথার কী যোগ? ছবি: সংগৃহীত।

কাঁধে ব্যথা মানেই সব সময়ে পেশির টান নয়। নেপথ্যে থাকতে পারে ডায়াবিটিস-সম্পর্কিত এক বিশেষ সমস্যা, যাঁকে অনেকেই বলেন ‘ডায়াবেটিক শোল্ডার’ বা ‘ফ্রোজ়েন শোল্ডার’। কাঁধের অস্থিসন্ধির চারপাশে একটি নরম, কিন্তু মজবুত আবরণ থাকে, যাকে ‘ক্যাপসুল’ বলা হয়। ডায়াবিটিসের রোগী হলে, দীর্ঘ দিন উচ্চ রক্তশর্করার কারণে এই টিস্যুতে এক ধরনের পরিবর্তন হয়। শর্করা গিয়ে কোলাজেনের সঙ্গে লেগে সেটিকে ঘন, আঠালো করে তোলে। ফলে ক্যাপসুল ধীরে ধীরে মোটা ও শক্ত হয়ে যায়, আর কাঁধের নড়াচড়া সীমিত হতে শুরু করে। পাশাপাশি, এই ক্যাপসুলে প্রদাহ তৈরি হলে তা ফুলে ওঠে, টানটান হয়ে যায়। মনে হয়, কাঁধ যেন আড়ষ্ট হয়ে গিয়েছে। নড়াতে গেলে ব্যথা, আর না নড়ালে শক্ত হয়ে থাকা। ডায়াবিটিসের রোগীরা কী করবেন আর কী করবেন না? বিস্তারিত জানাচ্ছেন মধুমেহ চিকিৎসক আশিস মিত্র।

Advertisement

ব্লাড সুগার বেশি হলে ঝুঁকি বেশি। ছবি: সংগৃহীত

চিকিৎসকের কথায়, ‘‘ডায়াবিটিসের রোগীদের ক্ষেত্রে কাঁধে ব্যথা হওয়াটা খুবই সাধারণ ঘটনা। এটাকে আমরা মেডিক্যালি ফ্রোজ়েন শোল্ডার বলি। কিন্তু আগে বুঝতে হবে, বিষয়টি কী। ডায়াবিটিসের রোগীদের ক্ষেত্রে দেখা যায়, কাঁধের এক পাশে বা দু’পাশে ব্যথা হচ্ছে এবং নড়াচড়া করতে অসুবিধা হচ্ছে। ধরা যাক, হাত পিছনে নিয়ে যাওয়া, চুল আঁচড়ানোর জন্য হাত উপরে তোলা, অথবা কাপড় শুকোতে দেওয়ার জন্য হাত নড়ানো ইত্যাদি ক্ষেত্রে ব্যথা হতে থাকে রোগীদের। এই পরিস্থিতিকেই ফ্রোজ়েন শোল্ডার বলা হয়। দেখা গিয়েছে যে, ডায়াবিটিসের রোগীদেরই এই রোগ বেশি হয়।’’ চিকিৎসকের সাবধানবাণী, যদি রক্তে শর্করার মাত্রা অত্যধিক হয়ে যায়, তা হলে এই সমস্যা বেড়ে যেতে পারে।

চিকিৎসক জানাচ্ছেন, মানবদেহের সচল অস্থিসন্ধির ( যেমন, হাঁটু, কাঁধ, কনুই) ভিতরের গহ্বরে থাকা পিচ্ছিল তরল তথা সাইনোভিয়াল ফ্লুইডের কারণেই হাড়ের ঘর্ষণ কমে, তরুণাস্থি পুষ্টি পায়, গাঁটের নড়াচড়া সহজ হয়। এই তরলটি ঘন হয়ে গেলেই এই সমস্যা দেখা যায়। তখন আর হা়ড়ের সক্রিয়তা এতটা থাকে না। ন়়ড়াচড়া করতে গেলে ব্যথা হয়।

Advertisement

কী কী করবেন, কী করবেন না?

· ফ্রোজ়েন শোল্ডার হলে ডায়াবিটিসের রোগীরা প্যারাসিটামল ছাড়া অন্য কোনও ওষুধ খাবেন না।

· দিনে ২-৩ বার ৫ মিনিট করে আইস প্যাক দিয়ে ঠান্ডা সেঁক দিতে হবে।

· কোনও ভাবেই গরম সেঁক দেবেন না।

· ডায়াবিটিস নিয়ন্ত্রণে রাখতে হবে। এইচবিএ১সি-র মাত্রা সাড়ে ৬-এর নীচে রাখতে হবে।

· অস্থিসন্ধিতে আল্ট্রাসাউন্ড থেরাপি দিতে পারেন।

· ব্যথা থাকাকালীন ব্যায়াম করবেন না।

তবে এই ব্যথাগুলি কমতে সময় নেয়। ধৈর্য ধরে চিকিৎসা করাতে হবে। যখন-তখন ওষুধ না খেয়ে চিকিৎসকের কথা মেনে চলতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement