Tomatoes Eating Tips

টম্যাটো হয়ে উঠবে বার্ধক্যরোধের শক্তিশালী অস্ত্র! কিন্তু খাওয়ার ভুলে সমস্ত গুণ হাতছাড়া হচ্ছে না তো?

টম্যাটোর আসল জাদু লুকিয়ে রয়েছে লাইকোপিন নামের এক শক্তিশালী অ্যান্টি-অক্সিড্যান্টে। কিন্তু সেই উপাদানটি শরীরে ভাল ভাবে শোষণের জন্য কোন কায়দায় খাওয়া উচিত, জানেন কি?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ মে ২০২৬ ১৫:০২
Share:

কোন কৌশলে টম্যাটো খেলে সমস্ত গুণ শরীরে পৌঁছোবে? ছবি: সংগৃহীত।

কম ক্যালোরি, ভর্তি পুষ্টিগুণ, স্বাদও ভাল। তাই তো রান্নায় বা স্যালাডে টম্যাটোর উপস্থিতি এত প্রয়োজনীয়! কিন্তু জানেন কি, যে ভাবে খাওয়া হয়, তাতে আদৌ এই সব্জির গুণ শরীরে পৌঁছোতেই পারে না? সাধারণ এই টম্যাটো খাওয়ার কায়দায় বদল আনলেই একাধিক উপকারিতা মিলতে পারে।

Advertisement

টম্যাটো খাওয়ার সঠিক উপায়। ছবি: সংগৃহীত

আমেরিকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষক লুসিয়া অ্যারোনিকা বলছেন, খাওয়ার ভুল সম্পর্কে সচেতন হলে টম্যাটো হয়ে উঠতে পারে বার্ধক্যরোধের এক শক্তিশালী অস্ত্র। টম্যাটোর আসল জাদু লুকিয়ে রয়েছে লাইকোপিন নামের এক অ্যান্টি-অক্সিড্যান্টে। এটি ত্বককে ভিতর থেকে সুরক্ষা দেয়, কোলাজেন হ্রাসের গতি কমায়, এমনকি মুখে বয়সের দাগ পড়ার গতিও শ্লথ করতে সাহায্য করে। গবেষণায় দেখা গিয়েছে, এটি শরীরের ক্ষতিকর কণার বিরুদ্ধে লড়াই করে হার্টের সুরক্ষা বাড়াতে পারে। পাশাপাশি, এলডিএল বা ক্ষতিকর কোলেস্টেরলের অক্সিডেশন (যে প্রক্রিয়ায় এই কোলেস্টেরল বিপজ্জনক হয়ে ওঠে) কমাতে পারে লাইকোপিন।

তা ছাড়া ত্বকের প্রাকৃতিক এসপিএফ (সান প্রোটেক্টর ফ্যাক্টর) হিসেবে কাজ করার ক্ষমতা রাখে লাইকোপিন। তাই তো সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে বাঁচতে অনেকেই টম্যাটোর রস মাখেন ত্বকে। শরীরের অভ্যন্তরীণ এসপিএফ-কে প্রায় ৪০ শতাংশ বাড়িয়ে দিতে পারে বলে মত ওই গবেষকের। প্রাকৃতিক সানস্ক্রিন হিসেবে টম্যাটোর গুরুত্ব তাই অপরিসীম। ত্বককে ভিতর থেকে সুরক্ষা দিতে পারে এই সব্জি।

Advertisement

কিন্তু সমস্যা হল, অনেকেই কাঁচা টম্যাটো খেতে অভ্যস্ত। স্যালাডে বা কাঁচা অবস্থাতেই নুন দিয়ে খেতে ভালবাসেন কেউ কেউ। আর এখানেই থেকে যায় ভুলটি। কাঁচা টম্যাটো থেকে সমস্ত গুণ পাওয়া সম্ভব নয়। লুসিয়ার মতে, কাঁচা টম্যাটো থেকে শরীর খুব বেশি লাইকোপিন শোষণ করতে পারে না। কিন্তু যদি টম্যাটো অল্প মাত্রায় রান্না করা হয়, তা হলে তা স্বাস্থ্যের জন্য অনেক বেশি কার্যকরী হয়ে ওঠে। অল্প একটু তেল, বিশেষ করে যদি অলিভ অয়েলের সঙ্গে টম্যাটো রান্না করা হলে লাইকোপিন শোষণ ক্ষমতা অনেকটাই বেড়ে যায়, প্রায় ৭০ শতাংশ পর্যন্ত। কারণ এই উপাদানটি চর্বিতে দ্রবণীয়, ফলে তেলের সঙ্গে মিশলেই শরীরে ভাল ভাবে কাজ করতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement