রাতে সহজে ঘুম আসে না? ছবি: এআই সহায়তায় প্রণীত।
রাতে পর্যাপ্ত ঘুমিয়ে সকালে উঠে চনমনে লাগা দূরের কোনও স্বপ্ন বলে মনে হয়? ঘুম নিয়ে সমস্যায় ভোগেন অনেকেই। কেউ চিকিৎসকের পরামর্শে ওষুধ খান, কেউ বা না ঘুমিয়েই কাটিয়ে দিচ্ছেন দিনের পর দিন, কেউ আবার সারারাত খাপছাড়া ভাবে ঘুমিয়ে উঠে পড়ছেন। কেবল তা-ই নয়, ঘুমের অভাবে পেশাজীবনেও সমস্যা দেখা দিচ্ছে। সে ক্ষেত্রে কী করা যেতে পারে? উপায় বাতলে দিলেন আলিয়া ভট্ট, করিনা কপূরের পুষ্টিবিদ রুজুতা দিবেকর।
তারকাদের পুষ্টিবিদ নিজে তাঁর বিছানার পাশে একটি থালায় ৪টি জিনিস রাখেন। ইনস্টাগ্রামে সেটির ছবি দিয়ে উপকারিতার কথা বললেন। থালায় দু’টি ছোট বাটিতে ঘি ও মিছরি, জলের ঘটি এবং গ্লাস। সঙ্গে কাচের শিশিতে রাজগিরার লাড্ডু। ক্যাপশনে রুজুতা লিখেছেন, ‘‘বিছানায় এপাশ-ওপাশ করছেন? রাত ৩টে নাগাদ ঘুম ভেঙে যাচ্ছে? ভেঙে যাওয়া ঘুম ডেকে আনা কঠিন মনে হচ্ছে? সঙ্গে পায়ে টান, শুষ্ক গলা আর কাশির চোটে সারারাত জেগে রয়েছেন? তা হলে রাতে বিছানার পাশে এই ট্রে রাখা দরকার।’’
রুজুতা তাঁর বিছানার পাশে কী কী রাখেন? ছবি: ইনস্টাগ্রাম
১. জল: গলা শুকিয়ে গেলে অনেক সময়ে ঘুম ভেঙে যায়। তখন যদি হাতের নাগালে জল না থাকে, তা হলে বিছানা থেকে নামতে হয়। অনেক ক্ষেত্রে আলস্যের কারণে আর জল খাওয়া হয় না। কিন্তু আরামে ঘুমটাও আসে না তৃষ্ণার চোটে। তাই বিছানার পাশে জলের বোতল রাখা উচিত। পায়ে টান লাগলেও জল খেয়েই ব্যথা কমানো যেতে পারে।
২. ঘি: পুষ্টিবিদের মতে, রাতের বেলা ঘি শরীরে প্রশান্তি এনে দেয়। এই অভ্যাসের নেপথ্যে রয়েছে প্রাচীন কিছু ধারণা। ঘি এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পুষ্টিবিদের পরামর্শ, পায়ের তলায় অল্প ঘি মালিশ করলে শরীর আরাম পায়। তা ছাড়া অল্প এক ফোঁটা ঘি নাক ও কানের ভিতর ঢেলে ঘড়ির কাঁটার দিকে মালিশ করতে হবে। এতে নাকবন্ধের সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। সারাদিনের অস্থিরতা বা মানসিক চাপ কমিয়ে শরীরকে বিশ্রামের দিকে নিয়ে যেতে পারে।
৩. মিছরি: হালকা মিষ্টি স্বাদের মাধ্যমে স্নায়ুকে শান্ত করতে পারে, ফলে ঘুমের আগে এক ধরনের স্বস্তির আমেজ পাওয়া যায়। রাতে কাশির চোটে ঘুম ভেঙে গেলে মিছরি খেতে পারেন। পাশাপাশি গলার আর্দ্রতাও বজায় রাখে। তবে এখানেও ভারসাম্যটাই আসল। অতিরিক্ত মিষ্টি বা ফ্যাট কোনওটিই শরীরের জন্য ভাল নয়। তাই খুব অল্প পরিমাণেই এই অভ্যাস পালন করার কথা বলা হচ্ছে।
৪. লাড্ডু: ঘুম ভেঙে যাওয়ার পর আর ঘুম আসছে না? অনেক সময়ে মুখ চালাতে ইচ্ছে করে তখন। অস্বাস্থ্যকর খাবার না খেয়ে রাজগিরার লাড্ডু মুখে পুরতে পারেন। পুষ্টিকর এই লাড্ডু বরং ঘুম আনতে সাহায্য করতে পারে।