Rakul Preet Singh

হিল পরা ছাড়তে হয়েছিল রকুলপ্রীত সিংহকে, এমন শখ কোন বিপদ ডেকে আনতে পারে?

কথায় আছে শরীর বড় বালাই। আর এই সত্যি হাড়ে হাড়ে টের পেয়েছেন বলিউডের মিষ্টি নায়িকা রকুল। ৪০ দিন শয্যাশায়ী ছিলেন অভিনেত্রী। ছাড়তে হয়েছিল শখের হিল তোলা জুতো পরাও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ২০:২৮
Share:

বলিউড অভিনেত্রী রকুলপ্রীত সিংহ। ছবি: সংগৃহীত।

নায়িকা মানেই তিনি শৌখিন পোশাকের সঙ্গে উঁচু হিল তোলা জুতো পরবেন, উদ্ধত ভঙ্গিমায় হাঁটবেন— এমন ভাবেই তাঁদের দেখতে বা ভাবতে অভ্যস্থ সবাই। সেই চেনা ছকেই হেঁটেছিলেন ‘দে দে প্যার দে’-খ্যাত বলিউড অভিনেত্রী রকুলপ্রীত সিংহও। কিন্তু তাঁর এত দিনের অভ্যাস যে তাঁকে ছাড়তে হবে তা ঘুণাক্ষরেও ভাবতে পারেননি তিনি।

Advertisement

কথায় আছে, শরীর বড় বালাই। আর এই সত্যিটা হাড়ে হাড়ে টের পেয়েছেন বলিউডের মিষ্টি নায়িকা রকুল। বিপত্তি ঘটেছিল ‘দে দে প্যার দে ২’ ছবির শুটিংয়ের সময়েই। সিনেমার অর্ধেক শুটিং শেষ হওয়ার পরেই আচমকা শিরদাঁড়ায় মারাত্মক চোট পান অভিনেত্রী। হাঁটাচলা বন্ধ হয়ে যায় তাঁর। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সময়ের কথা বলতে গিয়ে রকুল বলেন, ‘‘নিজেকে জড়বস্তু মনে হত। কবে যে উঠে দাঁড়াতে পারব, স্বাভাবিক ভাবে চলাফেরা করতে পারব, বুঝতে পারছিলাম না। ৪০ দিন বিছানায় কেটেছে আমার।’’ উঠে দাঁড়ালেও রকুলের জীবনে বদল এসেছিল। সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন হিল পরা।

শাড়ি হোক বা জিন্‌স, কিংবা শৌখিন কোনও পোশাক— তার সঙ্গে হিল তোলা জুতো ছাড়া সাজ মানায় না— এ কথা বলেন অনেকেই। বিষয়টি ভুলও হয়তো নয়। কিন্তু টানা অনেকটা সময় ধরে উঁচু হিল পরে থাকার অভ্যাস শরীরের অনেক ক্ষতি করতে পারে বলে জানাচ্ছেন ফরিদাবাদের এক চিকিৎসক। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, অতিরিক্ত উঁচু হিলের জুতোয় শরীরের ভারসাম্য ঠিক ভাবে বজায় থাকে না। বিশেষত, টানা অনেকটা সময় ধরে গোড়ালি উঁচু হয়ে থাকলে কোমর, অস্থিসন্ধিতে ব্যথা হতে পারে।

Advertisement

বেঙ্গালুরুর অস্থিরোগ চিকিৎসক এমএস সোমান্না এক সাক্ষাৎকারে বলছেন, কেউ চোট পেলে, বিশেষত শিরদাঁড়ায় আঘাত লাগলে, হিল পরা একেবারেই ঠিক নয়। শরীরের কথা ভাবতে হলে উঁচু শক্ত হিল নয়, বরং নরম ‘কুশন’যুক্ত আরামদায়ক জুতোই বেছে নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসক। হিল জুতোয় পায়ের অবস্থান থাকে নির্দিষ্ট কোণে, অথচ পা থাকা দরকার মাটির সঙ্গে সমান্তরালে। দিনের পর দিন কেউ এমন জুতো পরলে পেশি দুর্বল হয়ে যেতে পারে তাঁর।

বস্তুত, হিল তোলা জুতো যথাসম্ভব এড়িয়ে যেতেই বলেন চিকিৎসকেরা। তবে একান্তই পরতে হলে কম হিল, নরম জুতো বেছে নিন। সারা বছর এমন জুতো পরে চলাফেরা না করে বিশেষ কোনও অনুষ্ঠানে যাওয়ার জন্য তা বেছে নিতেই পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement